সামনে এভাবেই আমাকে দেখবেন—প্রশাসনকে জামায়াত এমপি বেলালের হুঁশিয়ারি

সামনে এভাবেই আমাকে দেখবেন—প্রশাসনকে জামায়াত এমপি বেলালের হুঁশিয়ারি
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

রংপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনের বিরুদ্ধে বিরোধীদলীয় এমপিদের মূল্যায়ন না করা, বিভিন্ন কমিটিতে তাদের প্রতিনিধি না রাখা এবং সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাহবুবুর রহমান বেলাল। এ সময় একটি রাজনৈতিক দলকে তোষামোদি করার অভিযোগ তুলে জনগণের স্বার্থ উপেক্ষা করা হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সেখানে রংপুর ১ আসনের এমপি রায়হান সিরাজী, ৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, ৫ আসনের এমপি গোলাম রব্বানী, ৬ আসনের এমপি মাওলানা নুরুল আমিন, মহানগর ও জেলা পুলিশসহ জেলার শীর্ষ কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় প্রশাসনের উদ্দেশে এমপি বেলাল বলেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী সংসদ সদস্যদের যথাযথ মর্যাদা দিতে হবে। বিভিন্ন সরকারি কমিটিতে তাদের প্রতিনিধি রাখতে হবে। জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, অভিজ্ঞ ব্যবসায়ীরা সব শর্ত পূরণ করেও ডিলারশিপ পাননি। অন্যদিকে রাজনৈতিক পরিচয়ের কারণে অনভিজ্ঞ ব্যক্তিরা নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি। একই পরিবারের একাধিক ব্যক্তির ডিলারশিপ পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “জনগণকে খেপাবেন না। আমাদের বাধ্য করবেন না থানায় ঘেরাও করার জন্য, ডিসি অফিস ঘেরাও করার জন্য।” একপর্যায়ে তিনি বলেন, “সরি এভাবে বলার জন্য। আমি বাধ্য হলাম বলতে। সামনে এভাবেই আমাকে দেখবেন।”

এ ছাড়া আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানান তিনি। নগরীর যানজট, শ্যামা সুন্দরী খাল সংস্কার, বালু উত্তোলন বন্ধ ও মাদকবিরোধী অভিযান নিয়েও কথা বলেন এমপি বেলাল।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, এটি জেলার সর্বোচ্চ ফোরাম। এখানে বক্তব্য দেওয়ার সময় সবাইকে শব্দ চয়নের ক্ষেত্রে আরও সতর্ক থাকা উচিত এবং পারস্পরিক সম্মান বজায় রাখা প্রয়োজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন