নাটোরের লালপুরে পদ্মা নদীতে ভাসমান ড্রেজারের ওপর খেলতে গিয়ে পানিতে ডুবে ইয়ামিন হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নবীনগর এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন হোসেন নবীনগর এলাকার ইমরান হোসেন ও বিউটি আক্তার দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নবীনগর এলাকায় পদ্মা নদীর তীরে ভাসমান একটি ড্রেজারের ওপর ইয়ামিনসহ কয়েকজন শিশু খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত সে ড্রেজার থেকে নদীর পানিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর অবস্থায় ইয়ামিনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-f49072-720x405.webp)