সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার দোতলা থেকে নিচে লাফ দিয়ে আব্দুল মমিন ওরফে ‘বড় গ্যদা’ (৪০) নামের চুরির মামলার এক হাজতি আসামি পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় হাজতখানা থেকে নিচে লাফ দিয়ে সে দৌড়ে পালিয়ে যায়।
পলাতক হাজতি আসামি আব্দুল মমিন (বড় গ্যদা) সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার সফর শেখের ছেলে বলে একটি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে পুলিশ কোন বক্তব্য দিতে রাজি হয়নি। তবে আদালতের অতিরিক্ত পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর কর্নেল বলেন, সকালে আদালতে এসে শুনতে পাই দ্বিতীয় তলা থেকে এক হাজতি আসাসি নিচে লাফ দিয়ে পালিয়ে গেছে। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
আদালতে হাজিরা দিয়ে আসা একাধিক ব্যক্তি জানিয়েছে, সকালে জেলা কারাগার থেকে বিভিন্ন মামলার বেশ কয়েকজন আসামিকে আদালতে আনা হয়। বেলা ১১টার দিকে একজন আসামি হাজতখানার দ্বিতীয় তলা থেকে নিচে লাফ দেয়। পরে দেখি সে দৌড়ে পালিয়ে যাচ্ছে। পুলিশ সিঁড়ি দিয়ে নামতে নামতে সে বাউন্ডারি দেওয়াল টপকে চলে যায়।
পলাতক হাজতি আসামি আব্দুল মমিনের ভাইরা কিসমত আলী বলেন, আব্দুল মমিন চুরি, ছিনতাই সহ এলাকায় নানা অপকর্মে করে বেড়ায়। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ২০-২২ দিন আগে মমিন আমার বাড়িতে চুরি করতে যায়। রাতে ঘরের বেড়া কেটে ভিতরে ঢুকে পড়ে। পরে আমিসহ এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। চুরির মামলায় সে জেল হাজতে আটক আছে। কিছুক্ষণ আগে তার বাড়িতে পুলিশ এসেছিলো। পুলিশ বললো সে নাকি কোর্ট থেকে পালিয়ে গেছে।
তিনি আরো বলে ২০২৩ সালে কোবদাসপাড়া মহল্লায় ইউসুফ নামে এক যুবককে হত্যা করা হয়। এই হত্যা মামলায় আব্দুল মমিন এজাহার ভুক্ত আসামি। বেশ কিছুদিন কারাভোগ করে কিছুদিন আগে জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে। জেল থেকে বের হয়ে সে এলাকায় চুরি, ছিনতাই সহ নানা অপকর্মে করে বেড়াচ্ছে। তার শাস্তি হওয়া দরকার।
স্থানীয় স্বপন নামে এক যুবক বলেন, আব্দুল মমিন সম্পর্কে আমার বোন জামাই হন। কয়েকদিন আগে সে আমার বাড়িতে চুরি করেছে। চুরি, ছিনতাই, হত্যাসহ একাধিক মামলা রয়েছে তার নামে। তার অপকর্মে এলাকার মানুষ অতিষ্ঠ। পরে বাধ্য হয়ে সবাই মিলে আমরা তাকে পুলিশে ধরিয়ে দেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

