প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা ছাড়ল খুলনা বিএনপি

খুলনা ব্যুরো

প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা ছাড়ল খুলনা বিএনপি
প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা ছাড়ল খুলনা বিএনপি। ছবি: আমার দেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে খুলনার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দলের খুলনা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সরকারি বিএল কলেজের পুকুরে পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেন, মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ, গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো গেলে এই খাতের উৎপাদন সক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ সমাজকে বেকার না রেখে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।

একই সময়ে দৌলতপুর ডে-নাইট কলেজ ও হাঁস পুকুরে পোনা মাছ অবমুক্তকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা খুলনা অঞ্চল প্রাকৃতিক সম্পদ ও মৎস্য সম্পদে সমৃদ্ধ। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘদিনের দুর্নীতি, চরম অব্যবস্থাপনা, খাল-বিল অবৈধ দখল এবং জলাশয় ভরাট করার কারণে আমাদের প্রাকৃতিক মৎস্য সম্পদ ধ্বংসের মুখে পড়েছিল। বর্তমান জনবান্ধব সরকার হারানো প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা ও জলাশয় উদ্ধারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

এ সময় সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন