ফেনীতে যাত্রীবাহী বাস উল্টে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে আরো অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ওই ব্যক্তির নাম আব্দুল আলিম (৪০)। তিনি চট্টগ্রাম জেলার বারইয়ারহাট পৌরসভার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে। সিলেট কাস্টমস অফিসে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসের চালক গাড়ি সামলাতে না পেরে ডান পাশের রোড ডিভাইডারের ওপর বাসটি তুলে দিলে সেটি উল্টে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিমের মৃত্যু হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হলেও ঢাকামুখী লেনে গাড়ি চলাচল স্বাভাবিক ছিল।
মহিপাল হাইওয়ে থানার এসআই কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি রেকার ব্যবহার করে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

