আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্বকাপে অনিশ্চিত ইরান, বিকল্প ভাবনায় ফিফা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে অনিশ্চিত ইরান, বিকল্প ভাবনায় ফিফা

চলতি বছরের ফুটবল বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করেছিল ইরান। তবে মধ্যপ্রাচ্যের নতুন করে শুরু হওয়া সামরিক উত্তেজনা ও ভ্রমণ জটিলতার কারণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় এই আসরে ইরানের অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে। ফিফা ইতোমধ্যে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্বকাপের ড্র অনুযায়ী গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা।

ফিফার বিধিমালা অনুযায়ী, কোনো দল টুর্নামেন্ট শুরুর আগে সরে দাঁড়ালে বা অংশ নিতে অক্ষম হলে সংশ্লিষ্ট মহাদেশের প্লে-অফ রানার-আপ অথবা সর্বোচ্চ র‌্যাংকিংধারী দলকে বিকল্প হিসেবে বিবেচনা করা হয়।

এক্ষেত্রে সম্ভাব্য দুটি পথ সামনে আসছে— সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। আরব আমিরাত এশিয়ান বাছাইপর্বে ইরানের পেছনে অবস্থান করা সর্বোচ্চ দল ছিল। যদিও তারা কনফেডারেশন প্লে-অফে ইরাকের কাছে হেরে যায়, তবুও বিকল্প হিসেবে তাদের নাম আলোচনায় রয়েছে। আরেকটি প্রস্তাব হচ্ছে—ইরানের জায়গায় ইরাককে সরাসরি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফে আমিরাতকে সুযোগ দেওয়া।

এই পরিস্থিতিতে ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এক সভায় জানান, তারা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং আয়োজক তিন দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। লক্ষ্য একটাই—সব দলের অংশগ্রহণে নিরাপদ বিশ্বকাপ আয়োজন।

উল্লেখ্য, ১৯৫০ সালের বিশ্বকাপে ড্রয়ের পর ভারত ও ফ্রান্স সরে দাঁড়ানোর ঘটনা ছিল শেষ বড় উদাহরণ। তখন সময় স্বল্পতার কারণে বিকল্প দল অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি এবং টুর্নামেন্টটি পরিকল্পিত ১৫ দলের বদলে ১৩ দল নিয়ে অনুষ্ঠিত হয়।

ইরান আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায়নি। তবে রাজনৈতিক বাস্তবতা ও আন্তর্জাতিক ভ্রমণ পরিস্থিতির ওপর নির্ভর করছে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। যদি তারা অংশ নিতে ব্যর্থ হয়, তাহলে এশিয়া অঞ্চল থেকেই নতুন একটি দল বিশ্বকাপের টিকিট পেতে পারে—এমন সম্ভাবনাই এখন সবচেয়ে জোরালো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন