ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের জল্পনা এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নতুন চুক্তি নিয়ে কয়েক মাস ধরে চলা আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে শেষবারের মতো নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ ও আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের দাবি, ক্লাব পরিষ্কারভাবে জানিয়েছে—বর্তমানে টেবিলে থাকা প্রস্তাবই শেষ প্রস্তাব। এটি গ্রহণ করলে চুক্তি নবায়ন হবে, আর প্রত্যাখ্যান করলে নতুন করে কোনো আলোচনা হবে না।
রিয়াল মাদ্রিদের শীর্ষ কর্তাদের অবস্থান, ২০২৭ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে অনিশ্চয়তা টেনে নিতে চায় না ক্লাব। তাই ভিনিসিয়ুস যদি বর্তমান প্রস্তাবে সম্মত না হন, তাহলে তাকে ফ্রি ট্রান্সফারে হারানোর ঝুঁকি এড়াতে চলতি দলবদলেই বিক্রির সম্ভাবনা বিবেচনা করা হবে।
ক্লাবের পক্ষ থেকে নতুন করে বেতন বাড়ানোর বা উন্নত শর্ত দেওয়ার কোনো পরিকল্পনাও নেই বলে জানা গেছে। আলোচনার পরবর্তী ধাপ এখন পুরোপুরি ভিনিসিয়ুস ও তার প্রতিনিধিদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
২০২৩ সালে চুক্তি নবায়নের পর ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তবে সাম্প্রতিক সময়ে বেতন কাঠামো, চুক্তির বিভিন্ন শর্ত এবং ইউরোপের কয়েকটি বড় ক্লাবের আগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে চাইছে। এখন দেখার বিষয়, সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে ভিনিসিয়ুস শেষ প্রস্তাবে সম্মতি দেন, নাকি এই গ্রীষ্মেই ইউরোপীয় ফুটবলের সবচেয়ে আলোচিত ট্রান্সফার নাটকের জন্ম হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

