বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও নগদ টাকা উদ্ধার, আটক ১

বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও নগদ টাকা উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

আটককৃত ওই যুবকের নাম ইমন আহম্মেদ (২৪) । তিনি উপজেলার নতুনপাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে।

মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার নতুনপাড়া এলাকায় এ অভিযান চালিকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১২, মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, উপজেলার সীমান্তবর্তী নতুনপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ইমন আহম্মেদকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ৫৪২ বোতল স্ক্যাফ সিরাপ ও ১১০ বোতল উইনক্যারেক্স সিরাপ—সহ মোট ৬৫২ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া তার হেফাজত থেকে নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

উদ্ধার করা সিরাপগুলো অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে এনে মাদক হিসেবে সরবরাহ বা বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। একই সঙ্গে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ টাকার উৎস নিয়েও তদন্ত চলছে।

জব্দ করা মালামালসহ আসামিকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আটক ইমন আহম্মেদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন