যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের ঘটনায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বা সফটওয়্যার হালনাগাদের কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাটের কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে। তবে এই বিভ্রাটের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা সব বিমানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাটিতে রাখার নির্দেশ দেয় এফএএ। ‘অস্বাভাবিক পরিস্থিতি’ এবং নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
এফএএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলোর বিষয়ে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানায় সংস্থাটি।
এদিকে এই যোগাযোগব্যবস্থার বিপর্যয়ের পেছনে সাইবার হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে বলে মনে করছে না যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কোনো সফটওয়্যার হালনাগাদের কারণে এই ব্যাপক বিপর্যয় ঘটেছে কি না। তবে এখন পর্যন্ত বিভ্রাটের প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
এদিকে নতুন এআই প্রযুক্তি চালুর পরিকল্পনার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আকাশপথের নিয়ন্ত্রকদের সহায়তায় নতুন একটি এআই প্রযুক্তি চালুর পরিকল্পনা ছিল। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সম্ভাব্য কারণ হিসেবে এআই প্রযুক্তি চালুর বিষয়টি এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মার্কওয়েন মুলিন বলেন, ‘এই মুহূর্তে কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
তবে বিমান চলাচল বন্ধের পেছনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো নিরাপত্তা হুমকি ছিল, এমন ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সবাই নিরাপদে আছেন এবং সব ফ্লাইটের অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ অবগত রয়েছে।
মার্কওয়েন মুলিন বলেন, ‘সবাই নিরাপদে আছেন। সব ফ্লাইটের হিসাব পাওয়া গেছে। এটি আরেকটি ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) ঘটনা নয়।’
ঘটনার প্রকৃত কারণ জানতে আরো সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘এতে কিছুটা সময় লাগবে।’
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


