ইসরাইলি একটি কোম্পানিকে সমুদ্রের তলদেশে তেল ও গ্যাস অনুসন্ধান প্রকল্পে অংশ নেওয়ার অনুমতি দেওয়ায় দক্ষিণ আফ্রিকা সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন দেশটির পরিবেশ ও মানবাধিকারকর্মীরা। তাদের অভিযোগ, সরকারের এ সিদ্ধান্ত একদিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষিণ আফ্রিকার অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক, অন্যদিকে গাজায় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দেশটির দায়ের করা মামলার অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করছে।
কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ইকো আটলান্টিক গত সেপ্টেম্বর মাসে তাদের তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্পের ৩৭ দশমিক ৫ শতাংশ অংশীদারি ইসরাইলের নাভিতাস পেট্রোলিয়ামের কাছে হস্তান্তর করে। এ চুক্তির অনুমোদন দেওয়ার দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সরকার কেন এ সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাননি বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
প্রকল্পটি দক্ষিণ আফ্রিকার নামিবিয়ার সঙ্গে সামুদ্রিক সীমান্তের কাছে অরেঞ্জ বেসিনে অবস্থিত। অঞ্চলটি দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার পশ্চিম উপকূলজুড়ে বিস্তৃত। কোম্পানির হিসাব অনুযায়ী, এই ব্লকে ৩৬০ কোটি ব্যারেলের বেশি সম্ভাব্য তেলসম্পদ থাকতে পারে। এ কারণে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। কোনো কোনো মহল অঞ্চলটিকে ‘আফ্রিকার তেল অনুসন্ধানের নতুন সীমান্ত’ হিসেবে বর্ণনা করেছে।
নাভিতাসের নিয়ন্ত্রণে থাকা এলাকাটিকে একটি প্রকাশনা আফ্রিকা মহাদেশের অন্যতম সক্রিয় তেল অনুসন্ধান অঞ্চল বলেও উল্লেখ করেছে।
তবে চুক্তিটি নিয়ে উদ্বেগ জানানো পরিবেশ ও মানবাধিকারকর্মীদের দাবি, নাভিতাসকে প্রকল্পে যুক্ত হওয়ার অনুমতি দেওয়ায় দক্ষিণ আফ্রিকার সামুদ্রিক পরিবেশ এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা হুমকিতে পড়বে। একই সঙ্গে গাজায় ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার নেওয়া অবস্থানের সঙ্গেও এ সিদ্ধান্তের বিরোধ রয়েছে।
পরিবেশ ও জলবায়ু আন্দোলনের সংগঠন ক্লাইমেট জাস্টিস কোয়ালিশনের তারা নায়ার ভ্যান রাইনভেল্ড সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে বলেন, নাভিতাস ইসরাইলের একটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক কোম্পানি। প্রতিষ্ঠানটি ইসরাইলের অর্থনীতিকে সরাসরি সুবিধা দেয়।
তিনি বলেন, ফিলিস্তিনে ইসরাইলের কর্মকাণ্ডের বিষয়ে দক্ষিণ আফ্রিকা যখন আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নিচ্ছে, তখন দেশটির তেলসম্পদ ব্যবহারের সুযোগ একটি ইসরাইলি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্ত গুরুতর প্রশ্ন তৈরি করে। আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণ আফ্রিকার দায়বদ্ধতা ও ঘোষিত পররাষ্ট্রনীতির সঙ্গে সরকারের পদক্ষেপ কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
আন্দোলনকারীরা জানান, নাভিতাসকে প্রকল্পে যুক্ত করার অনুমোদন দেওয়ার কয়েক মাস আগেই পরিবেশবাদী সংগঠনগুলো এ লেনদেন নিয়ে সরকারের কাছে উদ্বেগ জানিয়েছিল।
গত জুনে পরিবেশ ও ন্যায়বিচারবিষয়ক সংগঠন গ্রিন কানেকশন প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে খোলা চিঠি দেয়। এতে তারা জানতে চায়, ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে মামলা চালানোর সময় একটি ইসরাইলি কোম্পানিকে তেল-গ্যাস প্রকল্পে যুক্ত করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকারের সঙ্গে কীভাবে সামঞ্জস্যপূর্ণ।
প্যারিস জলবায়ু চুক্তির স্বাক্ষরকারী দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং কম কার্বন নিঃসরণকারী ও জলবায়ু সহনশীল অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার রয়েছে।
চুক্তিটি চূড়ান্ত হওয়ার আশঙ্কা তৈরি হলে গত আগস্টে কয়েকটি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন একজোট হয়ে আপত্তি জানায়। এ জোটে ছিল সাউথ আফ্রিকান বিডিএস কোয়ালিশন, মাসিফুন্ডিসে ডেভেলপমেন্ট ট্রাস্ট, ন্যাচারাল জাস্টিস ও ক্লাইমেট জাস্টিস কোয়ালিশন। তারা খনিজ ও পেট্রোলিয়াম সম্পদমন্ত্রী গুয়েদে মানতাশে এবং দক্ষিণ আফ্রিকার পেট্রোলিয়াম এজেন্সির (পাসা) কাছে চুক্তিটি প্রত্যাখ্যানের আহ্বান জানায়।
গত ২৪ সেপ্টেম্বর ইকো আটলান্টিক চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেওয়ার দুই দিন পর সংগঠনগুলো পাসার কাছে তথ্য অধিকার আইনে আবেদন করে। এতে চুক্তির অনুমোদন-সংক্রান্ত নথিপত্র চাওয়া হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও প্রেসিডেন্টের দপ্তর কিংবা পাসা—কোনো পক্ষই তাদের উদ্বেগের জবাব দেয়নি।
গ্রিন কানেকশনের এক মুখপাত্র মিডল ইস্ট আইকে বলেন, বিষয়টি শেষ পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা একটি দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিশ্বাসযোগ্যতার সঙ্গে জড়িত।
সরকারের নীতিতে বৈপরীত্য
গত তিন বছরে গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া অল্প কয়েকটি দেশের একটি দক্ষিণ আফ্রিকা। ২০২৩ সালের ডিসেম্বরে দেশটি আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে মামলা করে। এতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এ যুদ্ধে আড়াই লাখের বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। গাজার ৮০ শতাংশের বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
তবে আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি দেশটির কাছে কয়লা বিক্রি অব্যাহত রেখেছে দক্ষিণ আফ্রিকা। এমনকি গণহত্যার অভিযোগের মধ্যে ইসরাইলে কয়লা রপ্তানি বাড়িয়ে দেশটির সবচেয়ে বড় কয়লা সরবরাহকারী হয়ে উঠেছে প্রিটোরিয়া।
এ ছাড়া ইসরাইলি সেনাবাহিনীতে যোগ দেওয়া দক্ষিণ আফ্রিকার নাগরিকদের বিরুদ্ধে কোনো বিচারিক পদক্ষেপ নেয়নি সরকার। অথচ দেশটির আইন অনুযায়ী, সরকারের আগাম অনুমতি ছাড়া কোনো নাগরিকের বিদেশি সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়া নিষিদ্ধ।
ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পক্ষে দেশটির পার্লামেন্টে ভোট হলেও প্রেসিডেন্টের দপ্তর সেই সিদ্ধান্ত কার্যকর করেনি।
আন্দোলনকারীদের মতে, সমুদ্রের তলদেশে তেল অনুসন্ধান প্রকল্পে নাভিতাসকে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত আইসিজেতে দক্ষিণ আফ্রিকার অবস্থান এবং দেশের অভ্যন্তরে সরকারের কর্মকাণ্ডের মধ্যে বড় ধরনের ব্যবধান তুলে ধরেছে।
সাউথ আফ্রিকান জিউজ ফর অ্যা ফ্রি প্যালেস্টাইনের এক মুখপাত্র মিডল ইস্ট আইকে বলেন, নাভিতাস প্রকল্প গণহত্যা ও ঔপনিবেশিক সম্প্রসারণের জন্য ইসরাইলকে শাস্তির আওতায় আনার প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক। জাতিসংঘ ইসরাইলকে বিচ্ছিন্ন করার যে আহ্বান জানিয়েছে, এ প্রকল্প তারও পরিপন্থি।
আন্দোলনকারীরা জানান, কোম্পানি যে দেশেরই হোক না কেন, তারা এই তেল অনুসন্ধানের বিরোধিতা করতেন। কারণ, এ ধরনের অনুসন্ধান দক্ষিণ আফ্রিকার সামুদ্রিক পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। তবে ইসরাইলি কোম্পানিকে যুক্ত করার সিদ্ধান্ত তাদের আপত্তি আরো বাড়িয়েছে।
ওই মুখপাত্র আরো বলেন, সমুদ্রের তলদেশে তেল অনুসন্ধান দক্ষিণ আফ্রিকার উপকূলীয় পরিবেশ ও জনগোষ্ঠীর জন্য হুমকি।
তার মতে, জায়নবাদ এবং বৈশ্বিক সম্পদ আহরণনির্ভর পুঁজিবাদী ব্যবস্থার বিস্তৃত অবকাঠামো বিশ্বের বিভিন্ন স্থানে মারাত্মক পরিবেশগত ক্ষতি করছে।
আন্দোলনকারীরা আরো বলেন, নতুন করে তেল ও গ্যাস অনুসন্ধানের অনুমতি দেওয়া গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের জরুরি প্রয়োজনের বিপরীত। তাদের আশঙ্কা, এ ধরনের অনুসন্ধান জীবাশ্ম জ্বালানির উৎপাদন বাড়াবে এবং তেল-গ্যাসের ওপর নির্ভরতা আরো গভীর করবে। অথচ দক্ষিণ আফ্রিকার উচিত পরিচ্ছন্ন জ্বালানির দিকে এগিয়ে যাওয়া।
দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে ওয়াইল্ড কোস্ট এলাকায় শেলের প্রস্তাবিত সমুদ্রভিত্তিক তেল অনুসন্ধানের বিরুদ্ধে স্থানীয় জনগোষ্ঠী কয়েক বছর ধরে আইনি লড়াই চালিয়ে আসছে। গত আগস্টে দেশটির সাংবিধানিক আদালত শেল ও ইমপ্যাক্ট আফ্রিকার তেল অনুসন্ধান পরিকল্পনার বিরুদ্ধে রায় দেন।
বহুজাতিক জ্বালানি কোম্পানিটির বিরুদ্ধে এ আইনি জয় নিয়ে প্রকাশিত প্রতিবেদনে গ্রিনপিস বলেছে, এ রায় আফ্রিকার সরকারগুলোর জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে সরে এসে নির্ভরযোগ্য নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব কর্মসংস্থানের দিকে এগিয়ে যাওয়ার দাবিকে শক্তিশালী করেছে।
অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে প্রশ্ন
গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা-নামিবিয়া দ্বিপক্ষীয় কমিশনের বৈঠকে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অরেঞ্জ বেসিনকে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় নতুন জ্বালানি অনুসন্ধান অঞ্চল হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, এ অঞ্চলের উন্নয়ন হলে অনুসন্ধান, প্রকৌশল, পরিশোধন, পেট্রোকেমিক্যাল, সরবরাহব্যবস্থা, সামুদ্রিক সেবা ও উন্নত উৎপাদনশিল্প নিয়ে একটি আঞ্চলিক জ্বালানি শিল্প গড়ে উঠতে পারে।
ব্যবসায়ী নেতারাও এ প্রকল্প থেকে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও জ্বালানি নিরাপত্তা বাড়ার সম্ভাবনার কথা বলেছেন। দক্ষিণ আফ্রিকায় জ্বালানির ব্যয় বেড়ে যাওয়ায় এসব সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে জলবায়ু ন্যায়বিচার আন্দোলনের কর্মীরা তেল ও গ্যাস উত্তোলনে সাধারণ দক্ষিণ আফ্রিকানদের প্রকৃত লাভ নিয়ে সন্দিহান। তাদের মতে, এ খাত থেকে অর্জিত মুনাফার বড় অংশই দেশের বাইরে চলে যায়। অন্যদিকে পরিবেশগত ঝুঁকির ভার বহন করতে হয় উপকূলীয় জনগোষ্ঠীকে। দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সুবিধাও তারা খুব কম পায়।
ক্লাইমেট জাস্টিস কোয়ালিশনের তারা নায়ার ভ্যান রাইনভেল্ড বলেন, এত বড় সিদ্ধান্তের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব গভীর উদ্বেগের বিষয়। কারণ, এর প্রভাব সমুদ্র, জলবায়ু ও উপকূলীয় জনগোষ্ঠীর ওপর পড়তে পারে এবং কিছু ক্ষতি আর ফিরিয়ে আনা সম্ভব হবে না।
২০২৬ সালের মে মাসে জলবায়ু ও উন্নয়ননীতি নিয়ে কাজ করা নাইরোবিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার শিফট আফ্রিকা ‘পাইপ ড্রিমস: হাউ অয়েল অ্যান্ড গ্যাস ফেইল টু ডেলিভার ইকোনমিক ডেভেলপমেন্ট ইন আফ্রিকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, তেল ও গ্যাস অর্থনীতি এমনভাবে গড়ে উঠেছে, যেখানে সম্পদ ও মুনাফার বড় অংশ দেশের বাইরে চলে যায়। অথচ এর ব্যয় বহন করতে হয় সরকার ও স্থানীয় জনগোষ্ঠীকে।
প্রতিবেদনে তেল ও গ্যাস উত্তোলনকে ‘এনক্লেভ অর্থনীতি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এ ব্যবস্থায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সেবার বড় অংশ আমদানি করা হয়। অন্যদিকে জ্বালানি ও মুনাফার বড় অংশ রপ্তানি করা হয়।
এতে আরো বলা হয়, তেলশিল্প কোনো দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে, এ খাতে বিপুল কর্মসংস্থানও তৈরি হবে।
গ্রিন কানেকশন বলেছে, দক্ষিণ আফ্রিকার উপকূলীয় অঞ্চলে মাছ ধরা ও পর্যটনের ওপর নির্ভর করে ইতোমধ্যে হাজারো মানুষের জীবিকা চলছে। ভূকম্পন জরিপ, তেল ছড়িয়ে পড়া এবং অন্যান্য অনুসন্ধান কার্যক্রম এসব জীবিকার জন্য হুমকি তৈরি করতে পারে।
সংগঠনটি আরো বলেছে, বিনিয়োগের প্রতিশ্রুতির বাইরে গিয়ে ভাবতে হবে, দেশের প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার কোনটি। সমুদ্রের তলদেশে তেল ও গ্যাস অনুসন্ধানে মুনাফা বেসরকারি কোম্পানির হাতে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই সমুদ্র ও সরকারি অর্থসম্পদ বিসর্জন না দিয়ে দীর্ঘমেয়াদি কর্মসংস্থান ও বৃহত্তর অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করে—এমন জ্বালানি রূপান্তরে বিনিয়োগ করা উচিত।
এ বিষয়ে মন্তব্য জানতে মিডল ইস্ট আই নাভিতাসের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোম্পানিটির পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



