ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তান। সেইসঙ্গে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। জাতিসংঘে অনুষ্ঠিত ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়ন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এ দাবি জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর জিও নিউজের।
ইসহাক দার বলেন, ‘ফিলিস্তিনে সহিংসতা, খাদ্য সহায়তা আটকে রাখা এবং হাসপাতাল, শরণার্থী শিবিরে সাহায্য প্রার্থীদের হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার সকল সীমা অতিক্রম করেছে।’ তিনি দৃঢ় ভাষায় বলেন, ‘এই সম্মিলিত শাস্তি বন্ধ করতে হবে এখনই।’
দুই দিনব্যাপী এই সম্মেলনের সহ-আয়োজক ছিল সৌদি আরব ও ফ্রান্স। সম্মেলনে ইসহাক দার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়ে ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানান।
তিনি বলেন, 'গাজা এখন আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির কবরস্থান হয়ে উঠেছে। ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু, নিহত হয়েছেন-এটি আন্তর্জাতিক মানবিক আইন এবং আন্তর্জাতিক আদালতের বাধ্যতামূলক সিদ্ধান্ত লঙ্ঘনের জঘন্য উদাহরণ।’
ইসহাক দার বলেন, ‘পাকিস্তান শুধু রাজনৈতিক বিবৃতি নয়, বরং ফিলিস্তিনের প্রাতিষ্ঠানিক ও মানবসম্পদ উন্নয়নে বাস্তব সহযোগিতা দিতে প্রস্তুত।' তিনি জানান, পাকিস্তান জনপ্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা ও সেবাদানে ফিলিস্তিনকে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত এবং ওআইসি ও আরব পরিকল্পনার আওতায় সংস্থাগুলো গঠন ও রক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে ইচ্ছুক।
এদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সম্মেলনের উদ্বোধনে বলেন, ‘গাজার ধ্বংসযজ্ঞ সহ্য করার মতো নয়। এখনই পদক্ষেপ নিতে হবে- দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া বিকল্প নেই।’ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো বলেন, 'যুদ্ধ থামাতে হবে-কিন্তু সেটাই শেষ নয়। এরপর প্রয়োজন টেকসই রাজনৈতিক সমাধান। একমাত্র দ্বি-রাষ্ট্র সমাধানই ফিলিস্তিনি ও ইসরায়েলিদের বৈধ আকাঙ্ক্ষা পূরণ করতে পারে।'
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



