সৌদি আরবের আকাশসীমা দিয়ে চলাচলকারী বিমানগুলোকে সতর্ক করেছে ইয়েমেনের হুথিদের নিয়ন্ত্রিত একটি সামুদ্রিক সমন্বয় সংস্থা। হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর এ সতর্কবার্তা দেওয়া হলো।
হুথিদের নিয়ন্ত্রিত ওই সংস্থা বলেছে, সৌদি আরবের ‘আগ্রাসন’ অব্যাহত থাকলে দেশটির আকাশসীমা নিরাপদ থাকবে না। তবে সতর্কবার্তায় উড়োজাহাজ চলাচলে সম্ভাব্য ঝুঁকির বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ বিষয়ে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তরের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের সরকারি বাহিনীর অভিযান শুরু হয়েছে। দেশটির সহকারী প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সামির আল-সাবরি আল জাজিরাকে বলেছেন, সামরিক অভিযানের প্রথম ধাপে বাব আল-মান্দাব প্রণালি ও বন্দরনগরী মোখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি দাবি করেন, হুথিদের পরাজিত করতে সরকারি বাহিনী ‘সঠিক পথে’ এগোচ্ছে। ইয়েমেনের সব প্রদেশে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।
আল-সাবরি বলেন, হুথিদের বিরুদ্ধে সমন্বিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে এবং শিগ্গিরই সরকারি নিয়ন্ত্রণ সম্প্রসারণের প্রচেষ্টা আরো জোরদার করা হবে।
সূত্র: ডন
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


