আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘ইমপিচমেন্ট নোটিশ’

আমার দেশ অনলাইন

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘ইমপিচমেন্ট নোটিশ’
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক’ আচরণের অভিযোগ তুলে ‘ইমপিচমেন্ট’ বা অভিশংসনের নোটিশ জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলো।

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে মোট ১৯৩ জন সংসদ সদস্য এই নোটিশে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞাপন

নোটিশে স্বাক্ষরকারীরা অভিযোগ করেছেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কুমার তার পদের মর্যাদা রাখতে পারেননি। বিশেষ করে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় একাধিক অনিয়ম এবং ভোটপ্রয়োগের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন তারা।

রাজ্যে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ও আইনি দ্বন্দ্ব চলছে। এমন প্রেক্ষাপটে বিরোধী দলগুলোর এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ, পশ্চিমবঙ্গে এই সংশোধন প্রক্রিয়ার জেরে ভোটার তালিকা থেকে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এছাড়া আরও ৬০ লক্ষ ভোটারের নাম বর্তমানে বিবেচনাধীন রয়েছে। আসন্ন ‘সাপ্লিমেন্টারি’ তালিকায় তাঁদের নাম আদৌ উঠবে কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংবিধান অনুযায়ী, একজন প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানোর নোটিশ জমা দিতে হলে লোকসভার অন্তত ১০০ জন অথবা রাজ্যসভার ৫০ জন সংসদের স্বাক্ষর দরকার হয়। যদি এই প্রস্তাব গ্রহণ করা হয়, তাহলে লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান অভিযোগের তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন