নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

 নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট
গাদি আইজেনকোট এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বানকে ‘ভাঁওতাবাজি’ বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী নেতা গাদি আইজেনকট।

বিজ্ঞাপন

তার অভিযোগ, নেতানিয়াহু ঐক্যের কথা বললেও তার কর্মকাণ্ডে এর কোনো প্রতিফলন নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকট বলেন, ‘এটি নেতানিয়াহুর সর্বশেষ ভাঁওতাবাজি। আলোচনা আগে থেকেই নির্ধারিত থাকার পর তিনি আলোচনার আহ্বান জানাচ্ছেন। ঐক্যের কথা বলছেন, অথচ নেসেটে (ইসরাইলের পার্লামেন্ট) রাষ্ট্রীয় এক অনুষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করছেন।’

তিনি আরো বলেন, ‘এসব কৌশল আমার ওপর কাজ করে না।’

এর আগে বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। পরে এক ভিডিওবার্তায় ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেন, ওই বৈঠক তার এই বিশ্বাস আরো দৃঢ় করেছে যে জাতীয় ঐক্যের সরকার গঠন করা জরুরি।

নেতানিয়াহুর দাবি, জাতীয় ঐক্যের সরকার গঠন করা গেলে ইরানের হুমকি চিরতরে দূর করা সম্ভব হবে।

তিনি বলেন, তেহরান ইসরাইলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।

তবে নেতানিয়াহুর এই আহ্বানে সাড়া না দিয়ে তার বক্তব্যকে কৌশলী রাজনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখছেন আইজেনকট। তার মন্তব্যে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন