মোসাদের সহায়তায় দেশ ছাড়েন ব্রাজিলের পরাজিত প্রার্থী

মোসাদের সহায়তায় দেশ ছাড়েন ব্রাজিলের পরাজিত প্রার্থী
ছবি: রয়টার্স

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক কর্মকর্তা ব্রাজিলের নির্বাচনে পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে দেশত্যাগে সহায়তা করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন ব্রাজিল। দেশটির একটি নিরাপত্তা সংস্থার তদন্তের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ওই সময় বিদেশভ্রমণে আদালতের নিষেধাজ্ঞা ছিল বলসোনারোর ওপর।

প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগেই দেশত্যাগের এ পরিকল্পনা করা হয়। এতে আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েক ব্যক্তি জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

সাবেক ওই ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা, যিনি পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন, ১৯ অক্টোবর ব্রাজিলে পৌঁছান। দ্বিতীয় দফার ভোটের ছয় দিন আগে তিনি ব্রাসিলিয়া থেকে আর্জেন্টিনা সীমান্ত পর্যন্ত বলসোনারোর সঙ্গে ছিলেন।

ব্রাজিলের তদন্তকারীরা নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেশটির ফোজ দো ইগুয়াসু শহর থেকে আর্জেন্টিনার পুয়ের্তো ইগুয়াসু শহরকে সংযুক্তকারী তানক্রেদো নেভেস সেতু দিয়ে দুটি বাণিজ্যিক ভ্যান পার হওয়ার তথ্য শনাক্ত করেন।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, একটি ভ্যানে ছিলেন বলসোনারো ও মোসাদের সাবেক ওই কর্মকর্তা। অন্য ভ্যানটিতে ছিলেন বলসোনারোর স্ত্রী ও দুই মেয়ে। দুটি গাড়ির চালকের পরিচয়ও শনাক্ত করেছেন তদন্তকারীরা। তাদের একজন ফোজ দো ইগুয়াসুর সাবেক পৌর কাউন্সিলর এবং অপরজন তার ছেলে।

আর্জেন্টিনায় পৌঁছানোর পর বলসোনারো ও তার পরিবারের সদস্যরা বায়রেস ফ্লাই নামের একটি আর্জেন্টাইন বিমান সংস্থার পরিচালিত গালফস্ট্রিম জি৪০০ মডেলের একটি ব্যক্তিগত উড়োজাহাজে ওঠেন।

উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করে। পথে জ্বালানি নেওয়ার জন্য ইকুয়েডরের গুয়ায়াকিলে যাত্রাবিরতি করে এটি। পরে বুধবার সকালে ফ্লোরিডার মায়ামির কাছে ওপা-লক্কা এক্সিকিউটিভ বিমানবন্দরে অবতরণ করে।

সিএনএন ব্রাজিলের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তবে মোসাদের সাবেক ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন