বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের ষড়যন্ত্র’ নিয়ে বই প্রকাশ করছেন নেতানিয়াহুপুত্র

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের ষড়যন্ত্র’ নিয়ে বই প্রকাশ করছেন নেতানিয়াহুপুত্র
২০২২ সালের ২৯ ডিসেম্বর জেরুজালেমের নেসেটে বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু (মাঝখানে) তাদের ছেলে আভনার ও ইয়াইরের (ডানদিকে) বসে আছেন। সূত্র- এএফপি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু তার বাবাকে ক্ষমতাচ্যুত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কথিত ষড়যন্ত্র নিয়ে একটি বই প্রকাশ করতে যাচ্ছেন। বইটিতে ইসরাইলের বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা, সামরিক নেতৃত্ব, গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার বাবার সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলে ধরা হবে।

ইয়াইর নেতানিয়াহু একজন ডানপন্থি কর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ব্যক্তিত্ব। তার লেখা বইটির নাম টু-ফ্রন্ট ওয়ার: ইনসাইড ইসরাইলস ফাইট ফর সারভাইভাল—অ্যাগেইনস্ট ফরেন এনিমিজ অ্যান্ড ডমেস্টিক সাবোটার্স। আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টারের মাধ্যমে বইটি বাজারে আসার কথা রয়েছে।

বিজ্ঞাপন

প্রকাশনা সংস্থার ওয়েবসাইটে দেওয়া বিবরণ অনুযায়ী, বইটিতে পশ্চিমা বিশ্বকে অস্থিতিশীল করা এবং মুক্ত সভ্যতার ভিত্তি দুর্বল করার একটি কথিত পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।

বইটির প্রচারণামূলক বিবরণে বলা হয়েছে, ইয়াইর নেতানিয়াহু বরাবরই একজন গর্বিত ইহুদি ও নিবেদিতপ্রাণ জায়নবাদী। কিন্তু ইসরাইলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যখন তার বাবাকে ক্ষমতা থেকে সরানোর উদ্যোগ নেয়, তখন তিনি এমন এক জটিল ব্যবস্থার মুখোমুখি হন, যা সাধারণ মানুষের কাছে অনেকটাই অদৃশ্য।

এ ক্ষেত্রে দেশটির সরকারি কৌঁসুলি, বিচারক, গোয়েন্দা আমলাতন্ত্র, সামরিক নেতৃত্ব, গণমাধ্যম এবং বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

বইটিকে ‘ম্যাট্রিক্সের ভেতর থেকে পাওয়া প্রতিবেদন’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। ‘ম্যাট্রিক্স’ শব্দটি ষড়যন্ত্রতত্ত্বের অনুসারীদের মধ্যে প্রচলিত। মূলধারার সমাজব্যবস্থাকে নিয়ন্ত্রণকারী একটি বিভ্রমের কাঠামো বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়। নারীবিদ্বেষী ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেটের মাধ্যমেও শব্দটি সাম্প্রতিক সময়ে ব্যাপক পরিচিতি পেয়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট ৫৩টি আসন পেয়েছে। ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হলেও জোটটি পার্লামেন্টে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে রয়েছে।

অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন। ফলে সরকার গঠনের জোট আলোচনা ও সমীকরণে এসব দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা তৈরি হয়েছে।

ইয়াইর নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উগ্র ডানপন্থি বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করে আসছেন। নির্বাচনের পরও তিনি দাবি করেছেন, তার বাবার বিরুদ্ধে নির্বাচনে কারচুপির পেছনে বিভিন্ন পক্ষ কাজ করেছে। এমনকি আরব দেশগুলোর অর্থায়নও এতে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

গত মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে ইয়াইর আবারও দাবি করেন, শত্রু রাষ্ট্রগুলো আরব ভোটারদের ঘুষ দিয়ে নির্বাচন চুরি করেছে।

বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকেও একই ধরনের ষড়যন্ত্রের অংশ বলে দাবি করে আসছেন তার ছেলে। ২০২০ সাল থেকে ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি পৃথক দুর্নীতি মামলার বিচার চলছে। তবে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব পালনের কারণ দেখিয়ে তিনি আদালতে হাজিরা এড়িয়ে গেছেন।

ইয়াইরের বইটি প্রকাশের দায়িত্বে রয়েছে র‍্যাটপ্যাক প্রেস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন অস্ট্রেলীয় ব্যবসায়ী জেমস প্যাকার এবং মার্কিন চলচ্চিত্র পরিচালক ব্রেট র‍্যাটনার। প্যাকার নেতানিয়াহু পরিবারের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলার একজন সাক্ষী। অন্যদিকে, যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর র‍্যাটনার ইসরাইলে চলে যান।

নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, জেমস প্যাকার কয়েক বছর ধরে প্রধানমন্ত্রীকে দামি সিগার ও শ্যাম্পেন উপহার দিয়েছেন। এ ছাড়া তেল আবিবে প্যাকারের মালিকানাধীন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ইয়াইর নেতানিয়াহুও মাঝেমধ্যে ব্যবহার করতেন।

সূত্র: মিডল ইস্ট আই ও হারেৎজে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...