ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের অন্যতম প্রধান শিকার তার দেশ। বৃহস্পতিবার প্রাদেশিক সফরের সময় তিনি বলেন, দেশটিতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ‘সন্ত্রাসবাদী’ হামলায় তাদের অসংখ্য কর্মকর্তা নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেন, ইরান বিশ্ব ‘সন্ত্রাসবাদের বৃহত্তম পৃষ্ঠপোষক’।
এর প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, ‘যদি বাস্তবতাকে ন্যায্যভাবে দেখা হয়, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে ইরান কেবল সন্ত্রাসবাদের বিরোধীই নয়, বরং এই অঞ্চল এবং বিশ্বজুড়ে সন্ত্রাসের অন্যতম প্রধান শিকার।’
তার দেশ পরমাণু অস্ত্র তৈরির বিরোধী বলেও এসময় জানান তিনি। বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গণবিধ্বংসী অস্ত্র নিষিদ্ধ করেছেন, এর স্পষ্ট অর্থ হলো তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।
২০০০ সালের গোড়ার দিকে একটি ফতোয়া বা ধর্মীয় ডিক্রিতে পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করেছিলেন খামেনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলায় নিহত ২০