আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলায় নিহত ২০

আমার দেশ অনলাইন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলায় নিহত ২০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলায় পুলিশসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এক পুলিশ কর্মকর্তা জানান, গত দুই দিনের হামলায় নিহত হয়েছে তারা। এছাড়া দুই পুলিশ কর্মকর্তাকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলায় ১৫ পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’ ওই কর্মকর্তা জানান, আরো দুই পুলিশ সদস্যকে অপহরণ করা হয়েছে, তারা এখনো নিখোঁজ।

বিজ্ঞাপন

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বেশির ভাগ হামলার দায় স্বীকার করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া ও পার্শ্ববর্তী বেলুচিস্তানে সহিংসতা বেড়েছে।

এদিকে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর হামলায় ভারতীয় মদতপুষ্ট অন্তত ৩৪ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানের লক্ষ্য ছিল ভারতীয় প্রক্সি বাহিনী ফিতনা আল-খারিজ এবং ফিতনা আল-হিন্দুস্তানকে নির্মূল করা।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়ায় চারটি পৃথক সংঘর্ষে ফিতনা আল-খারিজের ২৬ সন্ত্রাসী নিহত হয়। আর বেলুচিস্তানের সাম্বাজায় একটি অভিযানে ফিতনা আল-হিন্দুস্তানের আট সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে বলা হয়, ‘নিহত একজনকে আফগান নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।’

আইএসপিআর জানিয়েছে, লাক্কি মারওয়াত জেলায়ও অভিযান চালানো হয়েছে। তীব্র গুলিবিনিময়ের পর সেখানে তিন সন্ত্রাসী নিহত হয়।

একই সঙ্গে সেনাবাহিনীর মিডিয়া শাখা আরো জানায়, বান্নু জেলার নর্মি খেল এলাকায় দুটি পৃথক অভিযানে ১০ জন নিহত হয়। এছাড়া উত্তর ওয়াজিরিস্তানের মীর আলি জেলায় নিহত হয় ১২ জন। সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলেও জানায় আইএসপিআর।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন