জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে ছাত্রাবাসের বান্নাঘরের টিন বিক্রির অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনটি কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকও কলেজের রান্না ঘরের টিন বিক্রির ঘটনায় অব্যাহতির কথা নিশ্চিত করেছেন। কলেজের রান্না ঘরের টিন বিক্রির অভিযোগের আলোচনা-সমালোচনার মধ্যেই কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে অব্যাহতি পাওয়া কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির খান অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের কাছে লিখিত আবেদনের প্রেক্ষিতে কলেজ ফান্ডে ১০ হাজার টাকা জমা দিয়ে কলেজের রান্নাঘরের টিন কিনে নিয়েছে। খুলে বিক্রি করার অভিযোগ সঠিক নয়। নিলাম ছাড়া বিক্রি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ দ্বায়তো তাদের।
এ বিষয়ে ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী বলেন, এই বিষয়ে হোস্টেল সুপারের সাথে কথা বলেন। রান্নাঘরের মালামাল নেওয়ার জন্য দুই ছাত্রনেতা আবেদন করেছিলেন। বিষয়টি দেখভালের জন্য হোস্টেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।
নিলামে বিক্রি করার নিয়ম নিয়ে, প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
হোস্টেল সুপার হাফিজুর রহমান প্রথমে দাবি করেন, ছাত্রদলের নেতারা টাকা ছাড়াই মালামাল নিয়ে গেছেন। তবে পরে তিনি জানান, লিখিত আবেদন করার পর ১০ হাজার টাকায় তাদের কাছে মালামাল বিক্রি করা হয়েছে।
নিলামে বিক্রির বিষয়ে বলেন, প্রিন্সিপাল স্যার যেভাবে আমাকে নির্দেশ দিয়েছে আমি সেভাবেই দায়িত্ব পালন করেছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

