চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি, ইউরোপে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে। এই বৈঠককে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বকে প্রভাব বলয়ে ভাগ করার প্রক্রিয়া হিসেবেও দেখছেন কেউ কেউ।
৪ নভেম্বর মস্কোর রেড স্কয়ারের মানেজে একটি প্রদর্শনীতে একদল স্কুলশিক্ষার্থীকে সঙ্গে নিয়ে, ১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে ইয়াল্টা সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের ভাস্কর্যের সামনে থামেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন শিশুদের বলেন, ‘এরা ছিলেন তিনটি প্রধান শক্তির নেতা, যারা যুদ্ধের পর বিশ্ব কীভাবে সংগঠিত হওয়া উচিত তা নিয়ে আলোচনা করতে একত্র হয়েছিলেন।’
পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট জিনপিংয়ে মধ্যে বৈঠকটি ১৮ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অক্টোবরের মাঝামাঝি সময়ে, এই ধরনের একটি বৈঠকের জন্য ক্রেমলিনের প্রস্তাবের খবরটি সামনে আসার পর থেকেই বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেনে উদ্বেগ সৃষ্টি করে।
এই বৈঠক আয়োজনের আলোচনা, অনেকের মনে কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত রুশ জারদের (রাশিয়ার রাজা বা সম্রাটদের জার বলা হতো) সাবেক বাসস্থান ইয়াল্টায় হওয়া হিটলার-বিরোধী জোটের নেতাদের বৈঠকের কথা মনে করিয়ে দেয়।
জার্মানির পরাজয়ের পর স্টালিনকে জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে রাজি করাতে সক্ষম হয়েছিলেন রুজভেল্ট ও চার্চিল।
যার বিনিময়ে পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব বলয়ের সম্প্রসারণ মেনে নেওয়া হয় এবং পূর্ব এশিয়া নিয়ে একটি গোপন চুক্তি করা হয়।
যে চুক্তি অনুসারে, জাপানের ভূখণ্ড দক্ষিণ সাখালিন ও কুরিল দ্বীপপুঞ্জ অধিগ্রহণ করবে সোভিয়েত ইউনিয়ন, চীনের পোর্ট আর্থারে অবস্থিত সোভিয়েত ঘাঁটি পুনরুদ্ধার করা হবে এবং মাঞ্চুরিয়ায় সোভিয়েত ইউনিয়নের বিশেষ অর্থনৈতিক স্বার্থকে স্বীকৃতি দেওয়া হবে।
তখন থেকেই পূর্ব ইউরোপে, পরাশক্তিগুলোর মধ্যে দর কষাকষির সংক্ষিপ্ত রূপ হয়ে উঠেছে ইয়াল্টা, যা ছোট দেশগুলোর কথা বিবেচনা না করে বিশ্বকে প্রভাব বলয়ে ভাগ করে দিয়েছিল।
তিন নেতার এই বৈঠক প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমি সত্যিই চাই না এই বৈঠক ইয়াল্টা-২, ৩ বা ৪-এ পরিণত হোক এবং শক্তিগুলোর মধ্যে প্রভাব বলয় পুনর্বণ্টন করা হোক।’
এদিকে, ইউক্রেন যুদ্ধ শেষ করার আলোচনা অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণে হতে হবে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎজ।
তিনি বলেন, ‘এই প্রক্রিয়ায় ইউরোপকে অবশ্যই একটি ভূমিকা পালন করতে হবে এবং সেটি তারাও করতে চায়। একটি শান্তি চুক্তির মূল বিষয়, তা নিষেধাজ্ঞাই হোক বা নিরাপত্তা কাঠামো, কেবল আমাদের ইউরোপীয়দের উপস্থিতিতেই সমাধান করা সম্ভব। সব পক্ষই এ কথা জানে।’
অস্বাভাবিক ধরণ
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, পুতিন হয়তো সত্যিই ইউক্রেন যুদ্ধ শেষ করবেন কিন্তু নিজেদের শর্ত অনুযায়ী যুদ্ধ শেষ করার জন্য সমর্থন চাইছেন। তবে ট্রাম্প ও সি-এর সঙ্গে ঠিক কী নিয়ে তিনি আলোচনা করতে চাইছেন, তা এখনো স্পষ্ট নয়।
রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলছেন, ‘এই মুহূর্তে বিষয়গুলোর কেবল প্রাথমিক খসড়া রয়েছে যা নিয়ে এত উচ্চ পর্যায়ে আলোচনা করা যেতে পারে।’
তবে এই শীর্ষ সম্মেলনের সম্ভাব্য এজেন্ডা সম্পর্কে ট্রাম্পের ভিন্ন ধারণা রয়েছে।
ট্রাম্প বলেছেন যে, তিনি পুতিন ও জিনপিংয়ের সঙ্গে দেখা করতে ইচ্ছুক, কিন্তু ইউক্রেন নিয়ে আলোচনা করতে নয়।
ওয়াশিংটনের আমেরিকান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং চীন বিশেষজ্ঞ জোসেফ তুরিগিয়ান মনে করেন, ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত আলোচনায় চীন সক্রিয়ভাবে জড়িত হতে চায় না, কারণ এতে মনে হবে বেইজিং এই সংঘাতে গভীরভাবে জড়িত।
তিনি বলছেন, ইউরোপকে বাদ দিয়ে আলোচনায় অংশ নিলে এই ধারণা আরো জোরালো হবে যে, ইউক্রেন যুদ্ধে বেইজিং মস্কোকে সমর্থন করছে, যে ধারণা এড়ানোর আপ্রাণ চেষ্টা করছে চীন।
এই বিশেষজ্ঞের মতে, বেইজিংও পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনাকে সন্দেহের চোখে দেখে।
তার মতে, ‘একটি কারণ হলো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রাগার চীনের চেয়েও অনেক বড়। আরেকটি কারণ হলো, চীনারা তাদের তুলনামূলকভাবে ছোট পারমাণবিক অস্ত্রাগারের গোপনীয়তার মধ্যে একটি সুবিধা দেখতে পায়। তারা চায় না যে অন্য দেশগুলো তাদের পারমাণবিক কর্মসূচির সঠিক মাত্রা সম্পর্কে জানুক।’
এ ধরনের বৈঠকে রাশিয়ার স্বার্থ অবশ্য স্পষ্ট। শুধু ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা থেকে ইউরোপকে বাদ দেওয়া নয়, বরং আরো একবার প্রমাণ করা যে, মস্কোকে আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন করা যাবে না।
আর মার্কিন নেতারও এই ধরনের বৈঠকের প্রতি আকর্ষণ স্পষ্ট।
তুরিগিয়ান বলেন, ‘অন্য যেকোনো কিছুর চেয়ে ট্রাম্প এই ধারণার আনুষ্ঠানিক দিক এবং রাজনৈতিক আবহ নিয়ে বেশি উচ্ছ্বসিত।’
কিন্তু এই ধরনের শীর্ষ সম্মেলনের ফলে বেইজিংয়ের কী সুবিধা হবে, সেটি ততটা স্পষ্ট নয়।
তুরিগিয়ান মনে করিয়ে দেন যে, ইয়াল্টা সম্মেলন শুধুমাত্র পূর্ব ইউরোপের জন্যই নয়, চীনের জন্যও একটি বেদনাদায়ক স্মৃতি।
কারণ সে সময় দেশটির ভাগ্য নির্ধারিত হয়েছিল ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের নেতাদের দ্বারা, যেখানে স্বয়ং চীনের কোনো অংশগ্রহণ ছিল না।
জাপানের বিরুদ্ধে যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের অংশগ্রহণের জন্য কঠোর শর্ত আরোপ করেছিলেন স্টালিন, যার মধ্যে অন্যতম ছিল মাঞ্চুরিয়ায় সোভিয়েত স্বার্থের স্বীকৃতি।
যে বিষয়ে জানার পর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন চীনা নেতারা।
পূর্ব ইউরোপের ক্ষেত্রে, সোভিয়েত প্রভাব বলয়ের সম্প্রসারণ ঠিক কতটা স্বীকৃত ছিল, তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে।
সে সময়, ১৯৪৫ সালের ফেব্রুয়ারির মধ্যে রেড আর্মি রোমানিয়া, বুলগেরিয়া এবং পোল্যান্ড, হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়ার বিশাল অংশ দখল করে নিয়েছিল।
কিন্তু এখন রুশ সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনের সেই সব এলাকাও নিয়ন্ত্রণ করে না, যেগুলোকে ক্রেমলিন পূর্বে রাশিয়ার অংশ বলে ঘোষণা করেছিল।
এছাড়া এই বৈঠকে সম্ভাব্য অংশগ্রহণকারীদের মধ্যে কেবল একজনই সরাসরি যুদ্ধে জড়িত।
বিশ্বাসযোগ্যতা ও মর্যাদার প্রশ্ন
তুরিগিয়ান বলছেন, রাশিয়াই একমাত্র দেশ যারা এখনো বিশ্বকে স্পষ্টভাবে প্রভাব বলয়ে ভাগ করার ব্যাপারে আগ্রহী।
যদিও ট্রাম্প আমলে গৃহীত জাতীয় নিরাপত্তা কৌশলে পশ্চিম গোলার্ধকে মার্কিন প্রভাব বলয় হিসেবে বর্ণনা করা হয়েছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতি তার সমর্থন ত্যাগ করতে প্রস্তুত নয় আর লাতিন আমেরিকায় চীনের উপস্থিতিও বেইজিংয়ের কাছে গুরুত্বপূর্ণ।
রাশিয়া নিজেকে যুক্তরাষ্ট্র ও চীনের সমকক্ষ পরাশক্তি বলে মনে করে এবং চীনের সরকারি বিবৃতিতে প্রায়শই রাশিয়াকে সমকক্ষ দেশ হিসেবে উল্লেখ করা হয়।
কিন্তু গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের মার্সিন কাজমারস্কি বলছেন, ‘পর্দার আড়ালে, চীনা বিশেষজ্ঞরা বা চীনা নেতারা কেউই রাশিয়াকে সমান শক্তি হিসেবে দেখেন না।’
তিনি বলেন, ‘চীনের নেতা ও অভিজাতরা সত্যিকার অর্থে চীনের সমান হিসেবে দেখে কেবল যুক্তরাষ্ট্রকে।’
কাজমারস্কি বলেন, একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন বেইজিংয়ের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারে এবং জিনপিংকে একজন বৈশ্বিক রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরতে পারে, যার সঙ্গে অন্যান্য বড় শক্তির নেতারা দেখা করতে আসবেন।
তবে এ ধরনের বৈঠক থেকে ইউরোপের সম্ভাব্য অস্বস্তি চীনের কাম্য নয় বলেও মনে করেন তিনি।
সূত্র: বিবিসি বাংলা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




