সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে অবস্থিত জাদুঘর ও উন্মুক্ত পর্যবেক্ষণকেন্দ্র পেয়েছে দুটি বিশ্ব রেকর্ডের স্বীকৃতি। ভবনের ভেতরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণকেন্দ্র হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে স্থাপনাগুলো।
মঙ্গলবার মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন এ স্বীকৃতির কথা জানায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে রেকর্ড দুটি অর্জিত হয়।
গিনেসের স্বীকৃতি অনুযায়ী, মক্কা ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূমি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উঁচুতে অবস্থিত। ভবনের ভেতরে এত উচ্চতায় থাকা জাদুঘর হিসেবে এটিই বিশ্বের সর্বোচ্চ। অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণকেন্দ্রটি ভূমি থেকে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। এটিও বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণকেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।
দুটি স্থাপনাই মক্কার গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারামের পাশের ক্লক টাওয়ার কমপ্লেক্সে অবস্থিত। এখান থেকে পবিত্র কাবা ও আশপাশের নগরীর বিস্তৃত দৃশ্য দেখা যায়। পর্যবেক্ষণকেন্দ্রটি দর্শনার্থীদের জন্য মক্কার স্থাপত্য ও নগরজীবন ওপর থেকে দেখার বিশেষ সুযোগ তৈরি করেছে।
জ্যোতির্বিজ্ঞান ও সময় গণনার ইতিহাস জানার সুযোগ
ক্লক টাওয়ার জাদুঘরটি ২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। টাওয়ারের ওপরের চারটি তলায় বিস্তৃত এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার ইতিহাস, মক্কার ঐতিহ্য এবং বিশাল ঘড়িটির নির্মাণপ্রযুক্তি সম্পর্কে বিভিন্ন প্রদর্শনী রয়েছে।
এখানে সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক ও আধুনিক ঘড়ি, সময় পরিমাপের যন্ত্র এবং জ্যোতির্বৈজ্ঞানিক উপকরণ দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে। চাঁদ পর্যবেক্ষণ এবং ইসলামি বর্ষপঞ্জির মাস শুরুর জন্য চাঁদের অবস্থান নির্ধারণে ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কেও জানার সুযোগ রয়েছে।
ক্লক টাওয়ারে অবস্থিত কসমস সায়েন্স সেন্টারটি চারতলাবিশিষ্ট একটি বিজ্ঞান ও শিক্ষাকেন্দ্র। এখানে মহাকাশ, জ্যোতির্বিজ্ঞান, সময় ও স্থান সম্পর্কে জানার পাশাপাশি পর্যবেক্ষণকেন্দ্র থেকে মক্কার দৃশ্য উপভোগ করতে পারেন দর্শনার্থীরা। কেন্দ্রটিতে ১৪৩টির বেশি দেশের মানুষ ভ্রমণ করেছেন।
৬০১ মিটার উঁচু ক্লক টাওয়ার
মক্কার ক্লক টাওয়ার সৌদি আরবের অন্যতম পরিচিত স্থাপত্য নিদর্শন। ২০১২ সালে নির্মাণকাজ শেষ হওয়া ৬০১ মিটার উচ্চতার এই টাওয়ারটি সাতটি ভবন নিয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ। গ্র্যান্ড মসজিদের পাশেই অবস্থিত কমপ্লেক্সটি নির্মাণ করেছে সৌদি বিনলাদিন গ্রুপ।
টাওয়ারটির চার পাশে চারটি বিশাল ঘড়ির মুখ রয়েছে। প্রতিটির ব্যাস প্রায় ৪৩ মিটার। লন্ডনের এলিজাবেথ টাওয়ারের ঘড়ির মুখের তুলনায় এগুলো প্রায় ছয় গুণ বড়। ২০১১ সালের ২৮ নভেম্বর ঘড়ির মুখের রেকর্ডের স্বীকৃতিও পেয়েছিল স্থাপনাটি। বিশ্বের সর্বোচ্চ ঘড়ির টাওয়ার হিসেবেও গিনেসের স্বীকৃতি রয়েছে এর।
রয়্যাল কমিশন জানিয়েছে, নতুন এই স্বীকৃতিগুলো মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্য ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রচেষ্টার অংশ। একই সঙ্গে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো এবং হজ ও ওমরাহ পালন করতে আসা লাখো মানুষের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করাই তাদের লক্ষ্য।
দুটি বিশ্ব রেকর্ডের স্বীকৃতির ফলে মক্কার ক্লক টাওয়ারের আন্তর্জাতিক পরিচিতি আরো বাড়বে বলে মনে করছে সৌদি কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ, আরব নিউজ, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ), গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস ও সৌদি গেজেট
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


