তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ভোট, মেয়রসহ ১১ হাজার পদে লড়াই

তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ভোট, মেয়রসহ ১১ হাজার পদে লড়াই
ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) তাইপেই মেয়র পদপ্রার্থী পুমা শেন নির্বাচনি প্রচারণামূলক মোটর শোভাযাত্রার সময় সমর্থকদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণ দেন। ছবি: এএফপি

তাইওয়ানের ২২টি শহর ও কাউন্টিতে স্থানীয় সরকার নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মেয়র, কাউন্সিলরসহ স্থানীয় পর্যায়ের প্রায় ১১ হাজার পদে প্রতিনিধি বেছে নিতে শনিবার ভোট দিচ্ছেন ভোটাররা। দ্বীপটির কয়েকটি বড় শহরে এবারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় শনিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা। সন্ধ্যার শুরুতেই ফলাফল পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। স্কুল, মন্দির ও বিভিন্ন কমিউনিটি সেন্টারে ভোট দিচ্ছেন ভোটাররা।

‘নাইন-ইন-ওয়ান’ নামে পরিচিত এই নির্বাচনে স্থানীয় সরকারের নয় ধরনের পদে ভোট হচ্ছে। সব মিলিয়ে প্রায় ১১ হাজার পদে প্রতিনিধি নির্বাচিত হবেন।

তাইপের মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াই

নির্বাচনের গুরুত্বপূর্ণ লড়াইগুলোর একটি রাজধানী তাইপের মেয়র পদে। শহরটি ঐতিহ্যগতভাবে বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেএমটির বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন এবং ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেন। আগের নির্বাচনে দুই অঙ্কের ব্যবধানে জয়ী হয়েছিলেন চিয়াং। তাকে ভবিষ্যতে প্রেসিডেন্ট পদে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবেও দেখা হয়।

অন্যদিকে পুমা শেন একজন শিক্ষাবিদ থেকে রাজনীতিতে আসা আইনপ্রণেতা। চীনের তথ্যযুদ্ধ নিয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত তিনি। চীন তাকে কঠোরভাবে সমালোচনা করেছে। দেশটির পুলিশ তাঁর বিরুদ্ধে ‘বিচ্ছিন্নতাবাদ’-এর অভিযোগ তুলে তাকে খুঁজছে বলে জানিয়েছে।

শুরুতে পিছিয়ে থাকা প্রার্থী হিসেবে নির্বাচনি লড়াইয়ে নামলেও প্রচার-সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটিয়েছেন শেন।

নেভাদা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন ওয়াং বলেন, কেএমটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তাইপেতে শেন জয়ী হলে বেইজিংয়ের জন্য তা বেশ লজ্জাজনক হতে পারে।

চিয়াং তার সমর্থকদের বলেছেন, মেয়র পদের লড়াই খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। অন্যদিকে যানজটের আশঙ্কায় নির্বাচনি প্রচারের শেষ সমাবেশ বাতিল করেন শেন। এর পরিবর্তে অনলাইনে একটি অনুষ্ঠান করেন তিনি। ইউটিউবে ওই অনুষ্ঠান পাঁচ লাখের বেশি মানুষ দেখেছেন।

ডিপিপির প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তেও প্রতিবেশী নিউ তাইপে সিটির এক সমাবেশে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তাইপের বাইরে গুরুত্বপূর্ণ লড়াই হচ্ছে তাইওয়ানের সবচেয়ে জনবহুল শহর নিউ তাইপে সিটি এবং দক্ষিণাঞ্চলের কাওশিউংয়ে। নিউ তাইপে সিটির বর্তমান মেয়র কেএমটির, অন্যদিকে কাওশিউংয়ের মেয়র পদে রয়েছে ডিপিপি।

নির্বাচনে চীনের চাপ ও প্রভাবের অভিযোগ

এবারের স্থানীয় নির্বাচন তাইওয়ানের চীননীতি সরাসরি পরিবর্তন করবে না। নির্বাচনি প্রচারে পরিবহন, শিশুযত্ন ও পরিবেশের মতো স্থানীয় বিষয়গুলোই বেশি গুরুত্ব পেয়েছে। তবে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করা চীন নির্বাচনটির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে। বেইজিং বিভিন্ন সময় এ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টাও করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, শুক্রবার থেকে শনিবারের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির প্রায় ৩৩টি সামরিক বিমান তাইওয়ানের দিকে উড়েছে। এসব বিমানের মধ্যে বোমারু বিমান ও যুদ্ধবিমানও ছিল।

তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল অভিযোগ করেছে, ‘কগনিটিভ ওয়ারফেয়ার’ বা মানুষের চিন্তাভাবনা ও মনোভাব প্রভাবিত করার কৌশল এবং আন্তদেশীয় দমন-পীড়নের মাধ্যমে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করছে বেইজিং।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সপ্তাহে বলেছে, তাইওয়ানের সঙ্গে ‘পুনরেকত্রীকরণ’ একটি অনিবার্য প্রবণতা।

চার বছর আগে অনুষ্ঠিত সর্বশেষ স্থানীয় নির্বাচনে কেএমটি ১৪টি শহর ও কাউন্টিতে জয়ী হয়েছিল। ডিপিপি জিতেছিল পাঁচটিতে। বাকি তিনটিতে জয়ী হয় অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

কেএমটি ঐতিহ্যগতভাবে বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে। অন্যদিকে ডিপিপি তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে।

বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচনের ফলাফল দিয়ে ২০২৮ সালের শুরুর দিকে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের ফল অনুমান করা কঠিন। বর্তমান প্রেসিডেন্ট লাই চিং-তে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতিতে কেএমটি

স্থানীয় নির্বাচনের পরপরই কেএমটি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী বাছাই নিয়ে আলোচনা শুরু করতে পারে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মেয়াদ শেষ হতে যাওয়া তাইচুংয়ের মেয়র লু শিউ-ইয়েন এবং পার্লামেন্টের স্পিকার হান কুও-ইউ।

দলের চেয়ারওম্যান চেং লি-ওয়েনকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। গত এপ্রিলে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন।

তবে নির্বাচনে কেএমটি খারাপ ফল করলে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য তার ওপর চাপ তৈরি হতে পারে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...