স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৪ জনের লাশ। শুক্রবার স্পেনের বার্তা সংস্থা ইএফই এ তথ্য জানিয়েছে। অঞ্চলটিতে অভিবাসীদের ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতির মধ্যেই এ মর্মান্তিক ঘটনা ঘটল।
বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসনপথ হিসেবে পরিচিত আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণহানির এ ঘটনা ঘটেছে। স্পেনে রোববারের সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এ ঘটনা দেশটির রাজনীতিতে অভিবাসন ইস্যুকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে।
ইএফই জানিয়েছে, নৌকা থেকে ১৪ জনের লাশ তীরে আনা হয়েছে। নৌকায় প্রায় ১০০ জন আরোহী ছিলেন। এর আগে দেশটির সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা জানিয়েছিল, নৌকাটিতে ৮ থেকে ১০ জনের লাশ পাওয়া গেছে। গুরুতর আহত ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। এল হিয়েরো দ্বীপের দক্ষিণে ৩৯ নটিক্যাল মাইল (৭২ কিলোমিটার) দূরে নৌকাটির সন্ধান পাওয়া যায়। পরে সেটিকে টেনে লা এসতাকা বন্দরের দিকে নেওয়া হয়।
এদিকে, পৃথক একটি নৌকায় করে আসা ৮৪ জন জীবিত অভিবাসী দ্বীপটির লা রেস্তিঙ্গা বন্দরে পৌঁছেছেন। সেখানে অভিবাসীদের জন্য একটি অভ্যর্থনাকেন্দ্র ও অস্থায়ী হাসপাতাল রয়েছে। দ্বীপটিতে পৌঁছানো অধিকাংশ অভিবাসীবাহী নৌকার যাত্রীদের সেখানেই প্রাথমিকভাবে নেওয়া হয়।
এক দিনে অভিবাসী আগমনের রেকর্ড
গত অক্টোবর থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন বেড়েছে। গত ২৫ নভেম্বর এক দিনেই রেকর্ড ২ হাজার ১০০ জন অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছান। তাদের অধিকাংশই আসেন এল হিয়েরো দ্বীপে। দ্বীপটির জনসংখ্যা মাত্র ১১ হাজার ৪০০।
সূত্র: রয়টার্স
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



