অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়তে যাচ্ছেন উইলসন

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়তে যাচ্ছেন উইলসন
ভিক্টোরিয়ান লিবারেল নেতা জেস উইলসন। ছবি: আলজাজিরা

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যের নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে রক্ষণশীল লিবারেল-ন্যাশনাল জোট। এর মধ্য দিয়ে রাজ্যটিতে লেবার পার্টির টানা ১২ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে।

বিজ্ঞাপন

গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা শেষে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। ৮৮ আসনের নিম্নকক্ষে লিবারেল-ন্যাশনাল জোট অন্তত ৪৯টি আসনে জয় পেতে যাচ্ছে। এ সময় পর্যন্ত ৫৭ দশমিক ৫ শতাংশ ভোট গণনা করা হয়েছিল।

নির্বাচনে গ্রিনস পার্টি ছয়টি আসন পেয়েছে। অন্যদিকে লেবার পার্টি পেয়েছে মাত্র তিনটি আসন। আরো ৩০টি আসনের ফল তখনো নির্ধারিত হয়নি।

মেলবোর্নের নিড্রি আসনে হেরে যাওয়ার পর পরাজয় স্বীকার করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী বেন ক্যারল। নির্বাচনের ফলের দায়ও নিজের কাঁধে নিয়েছেন তিনি। এবিসির প্রতিবেদনে বলা হয়, ক্যারল বলেছেন, ‘নেতা হিসেবে আমি পুরো দায়দায়িত্ব নিচ্ছি।’

ক্ষমতায় ফিরছে রক্ষণশীল জোট

নির্বাচনে জয়ের ফলে ভিক্টোরিয়ার নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন লিবারেল পার্টির নেতা জেস উইলসন। ৩৬ বছর বয়সি উইলসন দায়িত্ব নিলে তিনি হবেন রাজ্যটির ইতিহাসে সবচেয়ে কম বয়সি মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সরাসরি নির্বাচিত প্রথম নারী মুখ্যমন্ত্রী হওয়ার ইতিহাসও গড়বেন তিনি।

২০২২ সালে রাজ্য পার্লামেন্টের সদস্য হন উইলসন। ২০২৫ সালের নভেম্বরে ভিক্টোরিয়া লিবারেল পার্টির নেতৃত্ব গ্রহণ করেন তিনি।

নির্বাচনি প্রচারে অপরাধ দমন, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং রাজ্যের ঋণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন উইলসন। তার আর্থিক পরিকল্পনার মধ্যে রয়েছে মেলবোর্নের পয়োনিষ্কাশন নেটওয়ার্কের আংশিক বেসরকারীকরণ, অবকাঠামো খাতে কয়েকটি প্রকল্পের ব্যয় কমানো এবং বিনা মূল্যে কিন্ডারগার্টেন সম্প্রসারণে লেবার সরকারের পরিকল্পনা বাতিল করা।

নতুন সরকারের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর ব্যাপকতা স্বীকার করেছেন উইলসন। তিনি সতর্ক করে বলেছেন, ভিক্টোরিয়াকে আবার গড়ে তুলতে কয়েক বছর সময় লাগবে।

সর্বশেষ ২০১০ সালে ভিক্টোরিয়ায় নির্বাচনে জয় পেয়েছিল লিবারেল-ন্যাশনাল জোট। এরপর চার বছর রাজ্যটি শাসন করে তারা। পরে আবার ক্ষমতায় ফেরে লেবার পার্টি।

আলবানিজের ওপর বাড়ছে চাপ

ভিক্টোরিয়ায় লেবার পার্টির এ পরাজয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্যও বড় ধাক্কা। ২০২৫ সালের মে মাসে তার নেতৃত্বাধীন কেন্দ্রীয় লেবার সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার সংবাদপত্র দ্য অস্ট্রেলিয়ানে প্রকাশিত নিউজপোলের এক জরিপে দেখা যায়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আলবানিজের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

ভিক্টোরিয়া রাজ্য সরকারে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো। গত জুলাইয়ে জাসিন্টা অ্যালানের স্থলাভিষিক্ত হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন বেন ক্যারল। দায়িত্ব নেওয়ার পর বড় অবকাঠামো প্রকল্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ তদন্তে একটি রয়্যাল কমিশন গঠন করেন তিনি।

এদিকে দেশজুড়েও অর্থনৈতিক চাপ বাড়ছে। মূল্যস্ফীতি অব্যাহত থাকা এবং ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪ দশমিক ৮৫ শতাংশ করে।

ওয়ান নেশন পার্টির সমর্থন বাড়ছে

এ নির্বাচনে পলিন হ্যানসনের কট্টর ডানপন্থি ও অভিবাসনবিরোধী ওয়ান নেশন পার্টির সমর্থন বাড়ার বিষয়টিও স্পষ্ট হয়েছে। বিশেষ করে মেলবোর্নের বাইরের এলাকাগুলোতে দলটির প্রতি ভোটারদের সমর্থন বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এবার নিম্নকক্ষের ৮৮টি আসনেই প্রার্থী দিয়েছিল ওয়ান নেশন পার্টি। ২০২২ সালের রাজ্য নির্বাচনে দলটি মাত্র পাঁচটি আসনে প্রার্থী দিয়েছিল।

শনিবার সন্ধ্যায় প্রকাশিত এবিসির প্রাথমিক ফলাফলে দেখা যায়, ভিক্টোরিয়ার আঞ্চলিক এলাকাগুলোতে প্রথম পছন্দের ভোটের ৩২ দশমিক ৩ শতাংশ পেয়েছে ওয়ান নেশন। মেলবোর্নের মহানগর এলাকায় দলটির ভোটের হার ১৫ দশমিক ৭ শতাংশ।

সমর্থন বাড়লেও এবিসির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, নিম্নকক্ষের কোনো আসনে তখনো জয় পায়নি দলটি।

সমর্থকদের উদ্দেশে ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন বলেন, ‘ওয়ান নেশন এখন রাজনৈতিক প্রতিষ্ঠিত দলগুলোর, লেবার ও লিবারেল—উভয়েরই ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে। তারা বিষয়টি জানে।’

৪০ সদস্যের উচ্চকক্ষের নির্বাচনেও দলটির ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেখানে ভালো ফল করলে নতুন সরকারের আইন প্রণয়নের কর্মসূচিতে প্রভাব বিস্তারের সুযোগ পাবে ওয়ান নেশন।

এখনো ভোট গণনা চলছে। ফলে ভিক্টোরিয়ার রাজ্য পার্লামেন্টের চূড়ান্ত আসনবিন্যাস এখনো নির্ধারিত হয়নি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...