মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের ওপর নতুন করে হামলার জন্য উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুত থাকার জন্য সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর এ ধরনের হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
আলোচনার বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কয়েকটি উপসাগরীয় আরব দেশকে ‘স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক অভিযান’-এর জন্য প্রস্তুত থাকতে বলেছে ওয়াশিংটন।
অন্যদিকে, দুই কূটনীতিকের বরাত দিয়ে এপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ও আঞ্চলিক মিত্রকে ‘নতুন করে সম্ভাব্য সামরিক পদক্ষেপ’ এবং এর জেরে ইরানের পাল্টা হামলার আশঙ্কা সম্পর্কে সতর্ক করেছেন মার্কিন কর্মকর্তারা।
তবে নতুন করে হামলা চালানোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন ওই কূটনীতিকেরা।
এমন পরিস্থিতিতে ইরানে আবারো হামলার হুমকি দিয়ে চলেছেন ট্রাম্প।
এদিকে, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ‘উত্তেজনা হ্রাস ও কূটনৈতিক প্রচেষ্টা’ জোরদারের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের কাছে নতুন একটি খসড়া চুক্তি উপস্থাপন করেছেন। তবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করে বলেছেন, এতে ‘অগ্রহণযোগ্য কিছু ধারণা রয়েছে, যা কোনো প্রস্তাব নয়’।
এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


