ইরানে ইসরাইলি হামলার নিন্দা আরব লীগের

ইরানে ইসরাইলি হামলার নিন্দা আরব লীগের

ইরানে হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে আরব লীগ। অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এর ৫১তম অধিবেশন শুরুর আগে এক জরুরি বৈঠকে এ আহ্বান জানান আরব পররাষ্ট্রমন্ত্রীরা। খবর তেহরান টাইমসের।

জরুরি সভার পর জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে ইসরাইলি আক্রমণ আন্তর্জাতিক আইন ও ইরানের স্বার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

বিজ্ঞাপন

বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। আরব লীগ সতর্ক করে বলেছে, ইসরাইলকে থামাতে ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে আরো অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

তেহরান টাইমস জানায়, ইরানের ওপর ইসরাইলের হামলার ঘটনা নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক ডেকেছে ওআইসি। ২১ থেকে ২২ জুন পর্যন্ত এ বৈঠক আরব পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন।

অধিবেশনে অংশ নিতে ইস্তাম্বুলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৪৩০ জন নিহত হয়েছেন এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা।

এদিকে ইসরাইল জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে ২৫ জন নিহত হয়েছে, যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর আহত হয়েছেন দুই হাজার ৫১৭ জন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন