যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের অবসানে ইরানের দেওয়া উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইকো) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার প্রতিও সমর্থন জানিয়েছেন তারা।
সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইকোর পররাষ্ট্রমন্ত্রীদের ৩০তম বৈঠক শেষে গৃহীত যৌথ ঘোষণায় এ অবস্থান তুলে ধরা হয়। ঘোষণায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সংযম, সংলাপ ও কূটনৈতিক তৎপরতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ঘোষণায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সদস্য দেশগুলো উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে সংঘাতের মর্যাদাপূর্ণ সমাধান এবং যুদ্ধের সম্পূর্ণ ও স্থায়ী অবসানে ইরানের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। পাশাপাশি পাকিস্তান ও কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে।
ইরানের প্রস্তাবে সাতটি শর্ত
ইরানের প্রস্তাবটি দুই দিনের একটি পরিকল্পনা হিসেবে তুলে ধরা হয়েছে। এতে সাতটি দাবি ও শর্তের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কিছু বাস্তবসম্মত সমাধানের কথা রয়েছে। কূটনৈতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে ইকোর সদস্য দেশগুলো ইরানের এই দুই দিনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এবং সমর্থন দিয়েছে। তাঁর আশা, উদ্যোগটি চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসানে ভূমিকা রাখবে।
পরিকল্পনাটির আওতায় যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলো মেনে নিলে ৪৮ ঘণ্টার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর সুযোগ তৈরি হতে পারে। শর্তগুলোর মধ্যে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ অবমুক্ত করার বিষয় রয়েছে।
পাকিস্তান ও কাতারের মধ্যস্থতার প্রশংসা
ইকোর যৌথ ঘোষণায় পাকিস্তানের কূটনৈতিক তৎপরতারও প্রশংসা করা হয়েছে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সংকট প্রশমনে ইসলামাবাদের মধ্যস্থতা, শান্তি আলোচনা এবং সমঝোতা স্মারক তৈরির উদ্যোগের কথা উল্লেখ করা হয়। কাতারকেও আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
ঘোষণায় সংলাপ, কূটনীতি, আন্তর্জাতিক আইন ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইকোর কাঠামোর মধ্যে সদস্য দেশগুলোর সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ইকো প্রতিষ্ঠার অন্যতম সদস্য হিসেবে ইরানের ভূমিকার কথাও যৌথ ঘোষণায় তুলে ধরা হয়েছে। সংস্থাটির লক্ষ্য বাস্তবায়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে দেশটির অবদানের স্বীকৃতি দিয়েছেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে ইসলামাবাদ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে। ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় থাকলেও শান্তির উদ্যোগ থেকে পাকিস্তান সরে আসেনি বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: প্রেস টিভি, এপি নিউজ, তাসনিম নিউজ ও অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


-2e24a9-720x405.webp)