হাইতির প্রেসিডেন্টকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে যাজকের যাবজ্জীবন কারাদণ্ড

হাইতির প্রেসিডেন্টকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে যাজকের যাবজ্জীবন কারাদণ্ড
নিহত হাইতিয়ান প্রেসিডেন্ট জোভেনেল মোইসের প্রতিকৃতির পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ছবি: রয়টার্স

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে হাইতীয় বংশোদ্ভূত এক যাজককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে। দেশটির ফ্লোরিডার মায়ামির একটি ফেডারেল আদালত গতকাল বুধবার ক্রিশ্চিয়ান ইমানুয়েল স্যাননকে আটটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। ২০২১ সালের ৭ জুলাই নিজ বাড়িতে ঢুকে মোইসকে গুলি করে হত্যা করা হয়। প্রায় আট সপ্তাহের বিচার শেষে এ রায় এল।

বিজ্ঞাপন

৬৮ বছর বয়সি স্যানন যুক্তরাষ্ট্র ও হাইতির দ্বৈত নাগরিক। তার বিরুদ্ধে প্রেসিডেন্ট মোইসকে হত্যার ষড়যন্ত্র এবং তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছিল। আদালতে কৌঁসুলিরা বলেন, হত্যার পরিকল্পনা বাস্তবায়নে প্রায় চব্বিশ বিদেশি ভাড়াটে যোদ্ধাকে অর্থ দেওয়া হয়েছিল। এ অর্থের একটি অংশ করোনাভাইরাস মহামারির সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন কর্মসূচি থেকে সংগ্রহ করা হয়েছিল।

কৌঁসুলিদের ভাষ্য, মোইসকে ক্ষমতাচ্যুত করে ষড়যন্ত্রকারীদের পছন্দের একজনকে প্রেসিডেন্ট হিসেবে বসানোর পরিকল্পনা করা হয়েছিল। এ ষড়যন্ত্রের পরিকল্পনা ও অর্থায়নের অন্যতম কেন্দ্র ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা।

তবে বিচার চলাকালে স্যানন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি আদালতে স্বীকার করেন, একপর্যায়ে মোইসকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য কাউকে প্রেসিডেন্ট করার চেষ্টায় যুক্ত ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তবে তার দাবি, হত্যাকাণ্ডের অনেক আগেই ওই গোষ্ঠী অন্য একজন প্রার্থীকে বেছে নিয়েছিল। প্রেসিডেন্টকে হত্যার কোনো পরিকল্পনার বিষয়ে তিনি জানতেন না বলেও দাবি করেন।

হত্যাকাণ্ডের কয়েক দিন পর হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের দেখা স্থানীয় পুলিশের একটি প্রতিবেদন অনুযায়ী, স্যাননের বাসায় তল্লাশি চালিয়ে আটটি গাড়ির নিবন্ধন নম্বরপ্লেট, ১৯টি পাসপোর্ট ও ১২টি মোবাইলফোন পাওয়া যায়। এ ছাড়া ৩০ বাক্স গুলি এবং পিস্তলের ১২টি খাপও উদ্ধার করা হয়।

প্রেসিডেন্টের বিধবা এখন নির্বাচনে প্রার্থী

হত্যাকাণ্ডের সময় মোইসের স্ত্রী মার্টিন মোইসও গুলিবিদ্ধ হয়েছিলেন। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে তাকে চিকিৎসার জন্য ফ্লোরিডায় নেওয়া হয়েছিল। আগামী ২০২৭ সালের হাইতির সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করেছেন তিনি। এক দশকের বেশি সময় পর দেশটিতে ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত স্যাননকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি। তিনি এখনো ফেডারেল হেফাজতে রয়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারি তার সাজা ঘোষণা করা হবে। তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

স্যাননের আইনজীবী জেলকা বোজানিচ বলেন, আদালতের রায়ে তারা হতাশ। যথাসময়ে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। রায়ের পর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কৌঁসুলিরা।

হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা এ পর্যন্ত ৪০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তাদের মধ্যে ১২ জনের দণ্ড হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পাঁচজনও রয়েছেন।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা অভিযোগের নতুন একটি তালিকা প্রকাশ করেন। সেখানে চারজনের নাম গোপন রাখা হয়েছিল। হত্যার ষড়যন্ত্রে অর্থের জোগান দেওয়া এবং হত্যাকাণ্ডের পর দায়ীদের বিচার এড়াতে সহায়তা করার অভিযোগে আরো সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে ভিটেলহোম ইনোসেন্ট নামের এক গ্যাং নেতাও রয়েছেন। ২০২১ সালের শেষ দিকে ১৭ জন মার্কিন ও কানাডীয় ধর্মপ্রচারককে অপহরণের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

এ ঘটনায় এখনো যাদের বিচার বাকি, তাদের মধ্যে রয়েছেন সাবেক সরকারি দুর্নীতিবিরোধী কর্মকর্তা জোসেফ ফেলিক্স বাদিও। অন্য আসামিদের আইনজীবীরা তাকে হত্যার ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছেন। এ ছাড়া কলম্বিয়ার সাবেক ১৭ সেনাসদস্যেরও বিচার বাকি রয়েছে। গত সেপ্টেম্বরে তাঁদের হাইতি থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।

হত্যাকাণ্ডের পর অস্থিরতায় হাইতি

প্রেসিডেন্ট মোইস হত্যাকাণ্ডের পর থেকে হাইতিতে আর কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেননি। দেশটির কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিইএ) কর্মকর্তা পরিচয়ে একদল ব্যক্তি রাতে পোর্ট-অ-প্রিন্সের বাইরে মোইসের বাড়িতে হামলা চালান। তাদের অধিকাংশই ছিলেন কলম্বিয়ার অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তারাই প্রেসিডেন্টকে হত্যা করেন এবং তার স্ত্রীকে আহত করেন।

এরপর দেশটিতে একের পর এক অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। একই সময়ে সশস্ত্র গ্যাংগুলো রাজধানী ও আশপাশের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এসব গ্যাংকে দুর্নীতিগ্রস্ত রাজনীতিকেরা সহায়তা করছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হয়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হাইতিতে সশস্ত্র সহিংসতায় ৪ হাজার ৫৯৫ জন নিহত হয়েছেন।

দেশটিতে নিরাপত্তা, অর্থনীতি ও মানবিক সংকট আরো গভীর হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সহিংসতা ও অস্থিরতার কারণে প্রায় ১৫ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...