হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইন বিস্ফোরণের শিকার হয়েছে দুটি তেলবাহী ট্যাংকার। বিস্ফোরণে ট্যাঙ্কার দু’টিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, ‘অনুমোদনহীন’ রুট ব্যবহার করে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করার সময় ট্যাংকার দুটি মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
আইআরজিসির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, দুটি ট্যাংকারের একটি হরমুজ প্রণালির পূর্ব অংশে এবং অন্যটি প্রণালির ভেতরে অবস্থান করছিল। পরে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘ট্যাংকার দুটি তাদের সব ধরনের নেভিগেশন ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও সন্ত্রাসী সামরিক বাহিনীর সহায়তায় তারা প্রণালি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘মাইনের আঘাতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলোকে থামিয়ে দেওয়া হয়।’
এদিকে, গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখনো বন্ধ রয়েছে বলে পুনর্ব্যক্ত করেছে আইআরজিসি। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না।
আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, মাইন-বিছানো ও অননুমোদিত জলপথ দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলে বাধ্য করার মার্কিন সামরিক প্রচেষ্টা কেবল বারবার ব্যর্থতারই জন্ম দেবে।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



