তাজমহল ও হুমায়ুনের সমাধি পরিদর্শনের অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী

তাজমহল ও হুমায়ুনের সমাধি পরিদর্শনের অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী
পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মাসুদ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক ও তার প্রতিনিধিদলকে তাজমহলসহ ভারতের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে নিরাপত্তাজনিত কারণে দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি।

ভারতীয় কর্তৃপক্ষ প্রস্তাবিত সফরগুলো পর্যালোচনা করে এই অনুমতি দেয়। প্রতিনিধিদলকে তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে আগ্রা সফরের অনুমতি পাওয়া সত্ত্বেও তাজমহল দেখতে যাননি মুসাদিক মালিক।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভারতে পাকিস্তানি প্রতিনিধিদলের চলাচলের ওপর সার্বিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল বলে আগে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। মূলত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে অংশ নেওয়ার জন্যই প্রতিনিধিদলকে ভিসা দেওয়া হয়েছিল। এর বাইরে অন্য কোথাও যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি ভারতীয় সংস্থাগুলোর নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে আলাদাভাবে বিবেচনা করা হয়।

এর আগে পাকিস্তান হাইকমিশন সাংবাদিকদের জানিয়েছিল, প্রতিনিধিদলের জন্য তাজমহল, হুমায়ুনের সমাধি, দিল্লি হাট, কিলা রাই পিথোরা ও নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চাওয়া হয়েছিল। নিরাপত্তা যাচাইয়ের পর কয়েকটি স্থানে যাওয়ার অনুমতি মিললেও নিজামুদ্দিন দরগাহের আবেদন নাকচ করা হয়।

ভারতের সমাজবাদী পার্টির সংসদ সদস্য মহিবুল্লাহ নদভি এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তার প্রশ্ন, কেন প্রতিনিধিদলকে নিজামুদ্দিন দরগাহে যাওয়ার অনুমতি দেওয়া হলো না? তার মতে, সুফি সাধকদের মাজার থেকে মানুষ মানবতা, সহমর্মিতা ও আধ্যাত্মিক মূল্যবোধের শিক্ষা লাভ করে।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয়বিষয়ক ফেডারেল মন্ত্রী মুসাদিক মাসুদ মালিকের নেতৃত্বে প্রতিনিধিদলটি ২০ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত প্রথম এসসিও সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে যোগ দিতে ভারতে এসেছে।

ভারতের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখা, দেশটির সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ এবং সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছিলেন মালিক। শুক্রবার দিল্লির পুরানা কিলায় ফোরামের আয়োজনে যোগ দিতে পৌঁছায় পাকিস্তানি প্রতিনিধিদলটি। তিন বছর পর এই প্রথম কোনো পাকিস্তানি মন্ত্রী ভারত সফরে এলেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...