ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে ‘ছোট আকারের বিদ্রোহ’ শুরু করেছেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত এই সাবেক স্বৈরশাসকের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ঘটেছে প্রাণহানির ঘটনা।
বাংলাদেশে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা বিরাজ করছে। নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও লক্ষ্যবস্তু করছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ পর্যন্ত সহিংসতায় চারজনের মৃত্যু হয়েছে।
এ পরিস্থিতি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও নতুন করে চাপ সৃষ্টি করেছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। একসময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক ছিল।
সহিংসতার নেপথ্যে কারা
গত দেড় সপ্তাহে শেখ হাসিনার সমর্থকেরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ছোট আকারের বিদ্রোহ চালিয়ে যাচ্ছেন। এ সময় তারা গণপরিবহন, পুলিশ স্টেশন ও একটি হাসপাতালে অগ্নিসংযোগ করেছেন। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে পরিস্থিতি ছিল উত্তপ্ত। সেখানে একটি পুলিশ স্টেশনসহ বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়।
এসব সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। ২০২৪ সালে কয়েক সপ্তাহের গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগপর্যন্ত শেখ হাসিনা দলটির নেতৃত্বে ছিলেন। বিক্ষুব্ধ জনতা তার সরকারি বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার পর তিনি নাটকীয় পরিস্থিতিতে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।
সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে মন্তব্য জানতে আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে দ্য নিউ ইয়র্ক টাইমস যোগাযোগ করলেও তারা কোনো জবাব দেননি।
গত বছরের শেষ দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। বাংলাদেশের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করে নতুন করে বিতর্কের জন্ম দেন শেখ হাসিনা। তবে বাংলাদেশের সরকার তাকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। দেশে ফিরলে গ্রেপ্তার, কারাবাস এমনকি প্রাণহানির ঝুঁকি রয়েছে—এ বিষয়েও তিনি সম্পূর্ণ সচেতন বলে জানান।
শেখ হাসিনার জন্মস্থান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গোপালগঞ্জে সহিংসতা ও আওয়ামী লিগপন্থিদের বিক্ষোভ ছিল সবচেয়ে তীব্র। বিক্ষোভকারীরা পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগকারী প্রধান মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ৩৬ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ সময় বিক্ষোভকারীরা অস্ত্র হাতে মিছিল করেন, পুলিশের একটি গাড়িতে আগুন দেন এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেন। শুক্রবার সকালে মহাসড়কটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এ ঘটনায় কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন নির্বাসনে শেখ হাসিনা
১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তার প্রথম মেয়াদ চলে ২০০১ সাল পর্যন্ত। ওই বছর নির্বাচনে তার দল পরাজিত হয় এবং ক্ষমতায় আসে বিরোধী জাতীয়তাবাদী শক্তি।
পরবর্তী বছরগুলোতে দুই রাজনৈতিক শিবিরের দ্বন্দ্ব, পাল্টাপাল্টি অভিযোগ ও প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করে তোলে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কর্তৃত্ববাদী আচরণ ও কঠোর দমন-পীড়নের অভিযোগ তুলেছে।
২০০৯ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন দমনে ব্যাপক বলপ্রয়োগের আগপর্যন্ত দলটি ক্ষমতায় ছিল।
২০২৪ সালের আন্দোলনের সূত্রপাত হয়েছিল সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, এ ব্যবস্থায় আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিরা বিশেষ সুবিধা পাচ্ছিলেন।
প্রথম দিকে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও পরবর্তী সময়ে তা তরুণ আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লিগপন্থি কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
ওই আন্দোলন ও দমন-পীড়নে সর্বোচ্চ এক হাজার ৪০০ মানুষ নিহত হন। এছাড়া শেখ হাসিনা ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেন এবং আন্দোলনকারীদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন।
সামনে কী ঘটতে পারে
শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের প্রতিক্রিয়ায় বাংলাদেশের উপপররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির তাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।
তবে ভারতের পক্ষ থেকে তাকে প্রত্যর্পণের সম্ভাবনা খুব বেশি বলে মনে করা হচ্ছে না। এর আগে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নরেন্দ্র মোদি। তবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী নয়াদিল্লি।
চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে পরোক্ষভাবে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। চলতি সপ্তাহের শুরুতে এক বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, আন্দোলনকারীরা ‘সীমান্তের ওপার থেকে’ নির্দেশনা পাচ্ছেন।
শুক্রবার বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



