বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট

বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট
গাদি আইজেনকোট। ছবি: আলজাজিরা

ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে দেশটির কট্টর ডানপন্থি মন্ত্রী বেজালেল স্মোত্রিচ ও ইতামার বেন-গভিরের কঠোর সমালোচনা করেছেন তিনি।

এসব হামলাকে ‘সব অর্থেই ইহুদি সন্ত্রাসবাদ’ বলে আখ্যায়িত করেছেন আইজেনকোট।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘চরমপন্থি গোষ্ঠীগুলোর গাড়ি ও বাড়িঘরে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে, মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করছে।’

তিনি আরো বলেন, পশ্চিম তীরে বেন-গভির ও স্মোত্রিচের নেতৃত্বে পরিচালিত কর্মকাণ্ড অঞ্চলটিকে নিয়ন্ত্রণহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

আইজেনকোটের মতে, দাঙ্গাকারীদের দমনে ইসরাইলি কর্মকর্তাদের অবশ্যই তাদের হাতে থাকা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর মধ্যে প্রশাসনিক আটক এবং ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের লক্ষ্যভিত্তিক অভিযানও অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...