আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার (২২ নভেম্বর) ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
এদিন জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। তিনি জিয়াউলের পক্ষে কয়েকটি নথিপত্র দাখিলের পাশাপাশি কিছু ভিডিও প্রমাণও উপস্থাপন করেন। পরে তাকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
জেরা শেষে মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি।
গত ৩০ সেপ্টেম্বর মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি গ্রহণ করা হয়।
এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।
প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।
তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলাসহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন তাঁর বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগপত্র) দাখিল করে প্রসিকিউশন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


