মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ক্রিস্টা পাইক। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর করতে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করছেন অঙ্গরাজ্যের কারাপ্রধান ফ্রাঙ্ক স্ট্রাডা।

বিজ্ঞাপন

গতকাল শনিবার টেনেসির গভর্নর বিল লি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ মাসেই দায়িত্ব ছাড়বেন স্ট্রাডা।

ফ্রাঙ্ক স্ট্রাডা নিজেও পদত্যাগের কথা জানিয়েছেন। তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ক্রিস্টা পাইককে দুই ডোজ ইনজেকশন দেওয়ার পরও তিনি বেঁচে আছেন। এ ঘটনায় তদন্ত চলছে। এই পরিস্থিতিতে টেনেসিবাসীর স্বার্থে তিনি পদত্যাগ করছেন।

হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড গত বুধবার সকাল ১০টায় কার্যকর করার কথা ছিল। এটি কার্যকর হলে ২০০ বছরের বেশি সময়ের মধ্যে টেনেসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম নারী হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর হতো। কিন্তু দুটি ইনজেকশন দেওয়ার পরও তার মৃত্যু হয়নি। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

আইনি নথিপত্র অনুযায়ী, ক্রিস্টাকে টেনেসির ন্যাশভিলের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার আইনজীবীরা জানিয়েছেন, ইনজেকশনের দুই ডোজ দেওয়ার সময় পুরো প্রক্রিয়াজুড়ে তাকে কাঁদতে এবং জোরে জোরে শ্বাস নিতে শোনা গেছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি অচেতন ছিলেন এবং তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছিল।

মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ায় পরে ক্রিস্টার আইনজীবীরা তার সাজা কমানোর আবেদন করেন। একই সঙ্গে গত শুক্রবার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আলামত সংরক্ষণের জন্য তারা একটি জরুরি আবেদন দাখিল করেছেন।

কারাপ্রধান ফ্রাঙ্ক স্ট্রাডার পদত্যাগকে যৌক্তিক বলেছেন ক্রিস্টার আইনজীবীরা। তবে তাদের মতে, এই পদত্যাগ ক্রিস্টার জন্য কোনো উপকার বয়ে আনবে না।

এক বিবৃতিতে তারা বলেন, বুধবার ক্রিস্টার সঙ্গে যা ঘটেছে, তা টেনেসির মৃত্যুদণ্ডব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতার ইঙ্গিত দেয়।

তাদের আশা, পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের মাধ্যমে টেনেসির মৃত্যুদণ্ডব্যবস্থার গভীর সমস্যাগুলো উন্মোচিত হবে।

তবে টেনেসির কারা বিভাগ মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে। বিভাগটি বলেছে, যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তার বাইরে অতিরিক্ত কোনো প্রক্রিয়া প্রোটোকলে অনুমোদিত নয়।

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য আবার চেষ্টা করা হবে কি না, তা এখনো জানায়নি কারা কর্তৃপক্ষ। এ ছাড়া মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কোনো ভুল হয়েছিল কি না, সে বিষয়েও কোনো ব্যাখ্যা দেয়নি তারা।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন