যুদ্ধক্ষেত্রে আসছে প্রাণঘাতী স্বয়ংক্রিয় এআই অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

যুদ্ধক্ষেত্রে আসছে প্রাণঘাতী স্বয়ংক্রিয় এআই অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রিত প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র যুদ্ধের প্রচলিত ধারণা বদলে দিতে যাচ্ছে। এসব অস্ত্র মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই শত্রুকে শনাক্ত, লক্ষ্যবস্তু নির্বাচন এবং হামলা চালাতে সক্ষম। তবে সামরিক প্রযুক্তির এই দ্রুত অগ্রগতির বিপরীতে এখনো তৈরি হয়নি কার্যকর কোনো আন্তর্জাতিক আইন বা নিয়ন্ত্রণ কাঠামো।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ এবং কিছু ক্ষেত্রে নিষিদ্ধ করার উপায় খুঁজতে সোমবার (১৬ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের উদ্যোগে একটি সম্মেলন শুরু হচ্ছে। ‘কিলার রোবট’ নামে পরিচিত এসব অস্ত্রের ভবিষ্যৎ ব্যবহার নিয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক আলোচনা কতটা এগোতে পারবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের কেউ কেউ।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে সম্মেলন সামনে রেখে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের সংজ্ঞা, নৈতিক ঝুঁকি এবং যুদ্ধক্ষেত্রে এর বিস্তার নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।

প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র কী?

প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা বা ‘লেথাল অটোনোমাস উইপনস সিস্টেমস’ (এলএডব্লিউএস) হলো এমন প্রযুক্তি, যা মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই লক্ষ্যবস্তু শনাক্ত, নির্বাচন এবং আক্রমণ করতে পারে। জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির বৈশ্বিক ও উদীয়মান ঝুঁকিবিষয়ক প্রধান জ্যঁ-মার্ক রিকলি বলেন, এসব অস্ত্র পরিচালনার ক্ষেত্রে লক্ষ্যবস্তু নির্ধারণ ও আক্রমণের গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পন্ন করতে মানব পরিচালকের সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হয় না।

তবে স্বয়ংক্রিয় অস্ত্রের ধারণা একেবারে নতুন নয়। ফ্রান্সের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের (আইএফআরআই) প্রযুক্তি ভূরাজনীতি কেন্দ্রের গবেষক লর দ্য রুসি-রশগন্দের মতে, পদাতিক মাইনও একধরনের স্বয়ংক্রিয় অস্ত্র। কারণ, কেউ এর ওপর পা রাখলেই এটি বিস্ফোরিত হয়।

কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে বিশেষ করে এআই-চালিত ড্রোনের বিস্তারের ফলে পরিস্থিতি বদলে যাচ্ছে। এখন এসব অস্ত্র আগে থেকে নির্ধারিত লক্ষ্যবস্তুর বাইরে গিয়েও নতুন লক্ষ্য শনাক্ত করতে এবং আশপাশের পরিস্থিতি অনুযায়ী নিজেদের কার্যক্রম পরিবর্তন করতে সক্ষম হচ্ছে। এ কারণে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে—অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণে মানুষের নিয়ন্ত্রণ কতটুকু থাকবে? এ বিষয়ে বিভিন্ন দেশের অবস্থানেও পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ‘মানবিক বিচার-বিবেচনার যথাযথ মাত্রা’ বজায় রাখার কথা বলে।

অন্যদিকে ফ্রান্স প্রাণঘাতী সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ রাখার অবস্থান নিয়েছে। তবে আংশিক স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার ব্যবহার অনুমোদন করে দেশটি। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থার উপপরিচালক রিয়ার অ্যাডমিরাল ভিনসেন্ট সেবাস্তিয়েন বলেন, সামরিক কমান্ডারের যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে অস্ত্র ব্যবহারে মানুষের ভূমিকা নিশ্চিত করা হয়। তবে অস্ত্রের ঝুঁকি ও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অনুযায়ী এই নিয়ন্ত্রণের ধরন ভিন্ন হতে পারে।

মানুষের হাতে থাকবে তো সিদ্ধান্তের ক্ষমতা?

স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো নৈতিকতা। কোনো মানুষকে হত্যা করার সিদ্ধান্ত একটি যন্ত্রের হাতে ছেড়ে দেওয়া কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক বাড়ছে।

গত আগস্টে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির সভাপতি মিরজানা স্পোলিয়ারিচ এক যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেন, মানুষকে লক্ষ্যবস্তু বানানোর সিদ্ধান্ত যখন যন্ত্র নিজেই নিতে শুরু করে, তখন বিশ্ব একটি বিপজ্জনক নৈতিক সীমারেখা অতিক্রমের কাছাকাছি পৌঁছে যায়।

বিশ্লেষকদের মতে, জেনেভার সম্মেলনে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হলেও যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহারের পুরো চিত্র সেখানে উঠে আসবে না।

রিকলির ভাষায়, সম্মেলনের আলোচ্যসূচি বেশ সীমিত। যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার এবং লক্ষ্যবস্তু নির্ধারণে এর ভূমিকার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এতে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না।

তিনি উদাহরণ হিসেবে চলতি বছরের ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কথা উল্লেখ করেন। তার দাবি, ওই যুদ্ধে মার্কিন বাহিনী প্রতিদিন ইরানের ভেতরে প্রায় এক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

অন্যদিকে লর দ্য রুসি-রশগন্দে বলেন, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং সামরিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক এআই প্রযুক্তির ব্যবহারে নানা ধরনের ঝুঁকি ও অগ্রহণযোগ্য পরিস্থিতি তৈরি হতে পারে। এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে এ ধরনের প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়েছে।

তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—যন্ত্রের সুপারিশে মানুষের ভূমিকা কি কেবল অনুমোদন দেওয়ার আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে, নাকি অস্ত্র ব্যবহারের আগে প্রকৃত অর্থেই একজন সামরিক কর্মকর্তা নিজস্ব বিচার-বিবেচনা প্রয়োগ করবেন?

দ্রুত বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র

জেনেভায় আলোচনার কেন্দ্রে থাকা সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র এখনো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে না। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় এ ধরনের অস্ত্র ব্যবহারের নজির পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। তাদের আশঙ্কা, আগামী দিনে যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার দ্রুত বাড়বে। ফ্রান্সের রিয়ার অ্যাডমিরাল ভিনসেন্ট সেবাস্তিয়েন সতর্ক করে বলেন, যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যাপক ব্যবহার খুব দ্রুত বাস্তবতায় পরিণত হবে।

জাতিসংঘের মহাসচিব গুতেরেস ও রেডক্রসের সভাপতি স্পোলিয়ারিচও যৌথ বিবৃতিতে বলেছেন, স্বয়ংক্রিয় অস্ত্র কোনো দূরবর্তী ভবিষ্যতের বিষয় নয়। অস্ত্রব্যবস্থাকে আরো বেশি স্বয়ংক্রিয় করে তোলার প্রতিযোগিতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

তবে এআই প্রযুক্তির সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদেই চলতি বছর সতর্ক করে বলেছেন, বর্তমানের অত্যাধুনিক এআই ব্যবস্থা সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র পরিচালনার জন্য এখনো যথেষ্ট নির্ভরযোগ্য নয়।

তারপরও সামরিক শক্তিধর দেশগুলোর কাছে এ ধরনের অস্ত্র তৈরির আগ্রহ কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষ করে একসঙ্গে বহু ড্রোনের ঝাঁক ব্যবহার করে শত্রুপক্ষের প্রতিরক্ষাব্যবস্থাকে চাপে ফেলার কৌশল দেশগুলোর কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে। বিপুলসংখ্যক ড্রোন একযোগে হামলা চালিয়ে প্রতিপক্ষের প্রতিরোধক্ষমতা ভেঙে দিতে পারে। জ্যঁ-মার্ক রিকলির মতে, কিছু দেশ এ ধরনের প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা হিসেবে বিবেচনা করছে।

চলতি বছরের জানুয়ারিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও স্বয়ংক্রিয় ড্রোনের ঝাঁককে যুদ্ধের ‘নতুন চেহারা’ হিসেবে বর্ণনা করে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী এবং স্মল ওয়ারস জার্নালের গবেষক জেরাল্ড মাকোর মতে, তীব্র সামরিক প্রতিযোগিতার এই সময়ে যে দেশ প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রাণঘাতী হামলাকে স্বাভাবিক সামরিক কৌশল হিসেবে প্রতিষ্ঠা করবে, তারা অন্য দেশগুলোর জন্যও নতুন মানদণ্ড তৈরি করে দেবে।

ফলে একদিকে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতা, অন্যদিকে মানবিক ও নৈতিক ঝুঁকি—এই দুইয়ের মধ্যে দাঁড়িয়ে আছে বিশ্ব। বিশেষজ্ঞদের আশঙ্কা, আন্তর্জাতিকভাবে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দেরি হলে মানুষের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্রমেই চলে যেতে পারে যন্ত্রের হাতে।

সূত্র: ডন

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...