আলজাজিরার প্রতিবেদন

তেল রপ্তানি ছাড়া কি টিকে থাকতে পারবে ইরান

তেল রপ্তানি ছাড়া কি টিকে থাকতে পারবে ইরান

যুক্তরাষ্ট্রের অবরোধ, কঠোর নিষেধাজ্ঞা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থলবাণিজ্যে প্রতিবন্ধকতা দীর্ঘস্থায়ী হলে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়তে পারে ইরান। দেশটির সরকার এখন তেল রপ্তানি থেকে প্রায় শূন্য আয় ধরে আগামী বছরের বাজেট প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জি-৭-এর সদস্য দেশগুলোর প্রতিনিধিদের জানিয়েছেন, ইরানের ওপর নৌ অবরোধ, কঠোর নিষেধাজ্ঞা এবং স্থলসীমান্তে বাধা সৃষ্টির মতো পদক্ষেপগুলো অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে। তার দাবি, ইরানের অর্থনীতি ক্রমেই ধসে পড়ছে এবং আগামী এক থেকে তিন মাসে পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

বিজ্ঞাপন

তেহরানভিত্তিক অর্থনীতিবিদ আইজ্যাক সাইদিয়ানের মতে, তেলের আয় বন্ধ হয়ে গেলে শুধু বৈদেশিক মুদ্রার সংকটই নয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, পেনশন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং জাতীয় মুদ্রার মূল্য ধরে রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাজেট ঘাটতি থেকে নতুন করে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কাও রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইঙ্গিত দিয়েছেন যে, অর্থ সংকটে থাকা সরকার অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। তবে তিনি স্বীকার করেছেন, দীর্ঘায়িত এই ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতি দেশের জন্য ক্ষতিকর হবে।

তবে কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে, অর্থনীতি পুরোপুরি ধসে পড়ার কোনো আশঙ্কা নেই। তারা প্রয়োজনে ‘অবরোধ ভেঙে ফেলার’ সম্ভাবনার কথাও উল্লেখ করেছে, যদিও ঠিক কী উপায়ে তা করা হবে, তা এখনো স্পষ্ট নয়।

এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার আগামী বছরের বাজেটের জন্য দুটি সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় নিয়েছে। প্রথমটি হলো, নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ অব্যাহত থাকা; দ্বিতীয়টি হলো, বাণিজ্য ও আর্থিক বিধিনিষেধ শিথিল হওয়া। দেশটির পরিকল্পনা ও বাজেট সংস্থার উপপ্রধান মোহাম্মদ ঘাসেমি জানিয়েছেন, আগামী বছর তেল থেকে আয় শূন্যে নেমে আসার পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।

যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে গত ২৫ আগস্টের পর থেকে ইরান কোনো জাহাজে তেল বোঝাই করতে পারেনি বলে দাবি করেছে মার্কিন অর্থ বিভাগ। মার্কিন সামরিক বাহিনীর দাবি, অবরোধ কার্যকর করতে তারা ১৪৭টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে এবং পাঁচটি জাহাজ অচল করেছে। এছাড়া ইরানের তেল উৎপাদনও উল্লেখযোগ্যভাবে কমেছে। জ্বালানির বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের হিসাবে, দেশটির দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন দুই মিলিয়ন ব্যারেলের নিচে নেমে এসেছে।

ইরানের অর্থনীতি আগে থেকেই উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ হ্রাস, ক্রয়ক্ষমতার অবনতি এবং ব্যাংকিং ও বাজেটসংক্রান্ত সংকটে রয়েছে। এর মধ্যে তেল রপ্তানি থেকে আয় বন্ধ হলে পরিস্থিতি আরো জটিল হবে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি আয়ের প্রায় এক-তৃতীয়াংশই তেলনির্ভর।

অর্থনীতিবিদদের পরামর্শ, সংকট মোকাবিলায় অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমানো, কর ফাঁকি বন্ধ, কর অব্যাহতি সংস্কার, সরকারি সম্পদ বিক্রি এবং সতর্কতার সঙ্গে বন্ড ইস্যু করা যেতে পারে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও তেলবহির্ভূত রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। তবে এসব উদ্যোগ স্বল্প মেয়াদে তেলের আয়ের বিকল্প হতে পারবে না।

জ্বালানি ভর্তুকি কমানোর পরিকল্পনাও রয়েছে সরকারের। তবে এতে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়তে পারে। অন্যদিকে মূল্যস্ফীতির চাপ কমাতে সরকার পরিবারগুলোকে ইলেকট্রনিক খাদ্য কুপন দেওয়ার কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে।

দেশটির পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২২ অক্টোবর শেষ হওয়া ইরানি ক্যালেন্ডার মাসে বার্ষিক মূল্যস্ফীতি প্রায় ৮৯ শতাংশে পৌঁছেছে।

সাইদিয়ানের মতে, ব্যয় সংকোচন ও বাজেট সংস্কারের মাধ্যমে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হলেও দীর্ঘমেয়াদে অর্থনীতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রার প্রবাহ নিশ্চিত করা জরুরি। এর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানোও গুরুত্বপূর্ণ।

তার সতর্কবার্তা, ইরানের সবচেয়ে বড় ঝুঁকি কয়েক মাসের জন্য অর্থসংকটে পড়া নয়; বরং কাগজে-কলমে অর্থনীতি সচল রেখে সংকটের পুরো বোঝা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া। এতে দারিদ্র্য বাড়বে, মধ্যবিত্ত শ্রেণি দুর্বল হবে এবং দেশের উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...