দেশীয় লোকজ ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের নান্দনিক মেলবন্ধনে ফ্যাশন দুনিয়ায় নিজস্ব ধারা তৈরি করেছেন ডিজাইনার ফারজানা রিপা। জনপ্রিয় ব্র্যান্ড ‘সিগনেট’-এর স্বত্বাধিকারী এই শিল্পী চারুকলার বোধ ও দেশীয় কৃষ্টিকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বপ্ন দেখছেন। তার শিল্পময় পথচলা ও নকশার পেছনের গল্প তুলে ধরেছেন আমানুর রহমান
লোকজ ঐতিহ্য আপনার শিল্প ও পোশাকের নকশায় কীভাবে অনুপ্রেরণা জোগায়?
আমি মূলত একজন চিত্রশিল্পী। এ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেছি। পড়াশোনার পাশাপাশি পোশাকের নকশা নিয়েও কাজ শুরু করি।
আমার শিল্পচিন্তা ও নকশার অন্যতম প্রধান অনুপ্রেরণা বাংলাদেশের প্রকৃতি, লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য। আমাদের ছয় ঋতুর রূপ, রঙ ও বৈচিত্র্য থেকে শুরু করে লোকশিল্প, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনার নান্দনিক রূপ ও নকশা—সবকিছুই আমার সৃজনশীলতাকে গভীরভাবে প্রভাবিত করে। আমার ক্যানভাস হোক কিংবা পোশাকের নকশা—উভয় ক্ষেত্রেই রঙ ও মোটিফ নির্বাচনে এসব উৎসই আমাকে পথ দেখায়।
আমি বিশ্বাস করি, লোকজ ঐতিহ্য কেবল অতীতের স্মৃতি নয়; এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের নিজস্ব শিল্পবোধ ও পরিচয়ের অসীম সম্ভাবনা। সেই শিকড়কে সমকালীন শিল্প ও ফ্যাশনের ভাষায় নতুনভাবে প্রকাশ করাই আমার নিরন্তর প্রয়াস।
সিগনেটের মাধ্যমে সমকালীন ফ্যাশনে কী পরিবর্তন আনতে চান?
আমরা যে পোশাক পরি, তা শুধু বাহ্যিক সৌন্দর্যই প্রকাশ করে না; বরং আমাদের শিল্পবোধ, রুচি, ব্যক্তিত্ব ও আবেগেরও প্রতিফলন ঘটায়। সিগনেটের (Signet) মাধ্যমে আমি সমকালীন ফ্যাশনে শিল্প ও ঐতিহ্যের একটি নান্দনিক মেলবন্ধন তৈরি করতে চেয়েছি। পোশাক কেবল পরিধানের অনুষঙ্গ নয়, এটি শিল্পেরও একটি ক্যানভাস। তাই দেশীয় সংস্কৃতি, ঐতিহ্যবাহী মোটিফ, প্রাকৃতিক রঙ ও কারুশিল্পকে আধুনিক নকশার ভাষায় উপস্থাপন করাই সিগনেটের অন্যতম দর্শন। আমি এমন পোশাক তৈরি করতে চাই, যেখানে নিজস্ব শিকড়ের পরিচয় অক্ষুণ্ণ রেখে সমকালীন রুচি ও বৈশ্বিক নান্দনিকতার প্রকাশ ঘটবে।
এফইএবির ‘সুতোর গল্প’ প্রদর্শনীতে অংশগ্রহণের অভিজ্ঞতা আপনার কাজ ও সৃজনশীলতায় কী ধরনের নতুন মাত্রা যোগ করেছে?
‘Fashion Entrepreneurs Association of Bangladesh (FEAB)’-এর আয়োজনে প্রায় ৫০টি দেশীয় ব্র্যান্ডকে এক ছাদের নিচে নিয়ে আসা শুধু একটি ব্যবসায়িক আয়োজন ছিল না; এটি ছিল আমাদের দেশীয় নকশা, কারুশিল্প, ঐতিহ্য ও সৃজনশীলতাকে সম্মিলিতভাবে তুলে ধরার একটি উদ্যোগ। আমার কাছে ‘সুতোর গল্প’ হচ্ছে পারস্পরিক সংযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং দেশীয় ফ্যাশনশিল্পের সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কারের একটি সুন্দর ক্ষেত্র। প্রতিটি দেশীয় কাজের পেছনে রয়েছে মানুষের শ্রম, মেধা, সংস্কৃতি ও নিজস্ব গল্প। সেই গল্পগুলোকে সময়ের সঙ্গে নতুন আঙ্গিকে উপস্থাপন করা জরুরি। এই আয়োজন আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে, আমাদের নিজস্ব ঐতিহ্য ও সৃজনশীলতার মধ্যেই আন্তর্জাতিক পরিসরে পরিচিত হওয়ার অসীম সম্ভাবনা রয়েছে। এই সম্মিলিত উদ্যোগের অংশ হতে পেরে আমি আনন্দিত ও অনুপ্রাণিত।
মিশ্র মাধ্যমের চিত্রশিল্পী হিসেবে আপনার শিল্পচর্চা পোশাকের নকশা ও রঙের ব্যবহারে কী প্রভাব ফেলে?
আমি বরাবরই নিজের পরিচয় একজন চিত্রশিল্পী হিসেবে দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। শিল্পের অন্যান্য মাধ্যমে আমার পথচলা মূলত সেই শিল্পীসত্তারই বিস্তৃতি। আমার কাছে ফ্যাশন মানে কেবল পোশাক তৈরি নয়; বরং পোশাকের মধ্য দিয়ে শিল্পচর্চার আরেকটি ভাষা খুঁজে নেওয়া। তাই আমার প্রতিটি নকশায় শিল্প ও ফ্যাশনের এক ধরনের যুগলবন্দি থাকে। চারুকলার পাঠ আমাকে শিখিয়েছে, শিল্প প্রকাশের কোনো নির্দিষ্ট সীমা বা মাধ্যম নেই। ক্যানভাসে রঙ, টেক্সচার ও কম্পোজিশনের যে ভাষায় আমি আমার ভাবনা প্রকাশ করি, পোশাকের নকশাতেও সেই শিল্পীসত্তার প্রতিফলন ঘটে।
গত ২৬ বছর ধরে পেশাগতভাবে চিত্রকলা ও ফ্যাশন—এই দুটি মাধ্যম নিয়ে কাজ করছি। আমার কাছে এ দুটি আলাদা জগৎ নয়; বরং একই সৃজনশীল সত্তার দুটি ভিন্ন প্রকাশ।
ট্রেন্ডনির্ভর বাজারে স্বাধীন ডিজাইনার ও নারী উদ্যোক্তা হিসেবে এগিয়ে থাকার মূল শক্তি কী?
একজন স্বাধীন ডিজাইনার ও নারী উদ্যোক্তা হিসেবে এগিয়ে থাকার সবচেয়ে বড় শক্তি হলো নিজের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং নিজস্ব দর্শনের প্রতি অবিচল থাকা। আমি বিশ্বাস করি, ট্রেন্ড অনুসরণ করার চেয়ে নিজস্ব পরিচয় তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ। ট্রেন্ড সময়ের সঙ্গে বদলায়, কিন্তু একজন ডিজাইনারের নিজস্ব শিল্পবোধ, নান্দনিকতা ও সৃষ্টিশীলতার ভাষাই তাকে স্বতন্ত্র করে তোলে। আমি সবসময় নিজের শিল্পীসত্তাকে প্রাধান্য দিই। শিল্প, ঐতিহ্য, সংস্কৃতি ও সমসাময়িক ভাবনার সমন্বয়ে নিজস্ব একটি ধারা তৈরি করাই আমার লক্ষ্য। একজন নারী উদ্যোক্তা হিসেবে প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে প্রয়োজন সাহস, ধৈর্য, আত্মবিশ্বাস এবং পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা। আমি মনে করি, বাজারের ট্রেন্ডের পেছনে না ছুটে নিজের সৃজনশীলতার মাধ্যমে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হয়ে ওঠাই একজন স্বাধীন ডিজাইনারের সবচেয়ে বড় শক্তি।
বাংলাদেশি ঐতিহ্যকে বিশ্ব ফ্যাশনে তুলে ধরতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
আমার পরবর্তী স্বপ্ন হলো, খাঁটি বাংলাদেশি ঐতিহ্য, লোকশিল্প ও কারুশিল্পকে বিশ্ব ফ্যাশনের আধুনিক ধারার সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে উপস্থাপন করা। আমি চাই, আমাদের জামদানি, খাদি, দেশীয় তাত, প্রাকৃতিক রঙ, ঐতিহ্যবাহী মোটিফ ও কারুশিল্প শুধু ঐতিহ্যের অংশ হিসেবে নয়, বরং সমসাময়িক বিশ্ব ফ্যাশনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে পরিচিতি পাক। আমার কাছে পুনর্নির্মাণ বা রি-ব্র্যান্ডিং মানে শুধু নতুন মোড়কে পুরোনো ঐতিহ্যকে তুলে ধরা নয়; বরং এর শৈল্পিক মূল্য, স্বকীয়তা ও গল্পগুলোকে বিশ্বমানের নান্দনিকতায় নতুন ভাষা দেওয়া। একই সঙ্গে স্থানীয় শিল্পী ও কারুশিল্পীদের সৃজনশীলতাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করে তাদের অর্থনৈতিক সক্ষমতা ও মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই।
আমি চাই, বাংলাদেশের ফ্যাশন বিশ্বকে অনুসরণ না করে নিজস্ব ঐতিহ্য, শিল্পবোধ ও স্বকীয়তার মাধ্যমে বিশ্ব ফ্যাশনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করুক। এটাই আমার স্বপ্ন—‘বাংলাদেশের শিকড়কে ধারণ করে বিশ্বমঞ্চে এগিয়ে যাওয়া।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

