ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বেরশেবায় মাইক্রোসফট অফিসের কাছাকাছি এলাকায় হামলা করেছে ইরান। শুক্রবার আল জাজিরা জানায়, হামলার স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। আশেপাশের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস ও প্যারামেডিক টিম ঘটনাস্থলে কাজ করছে। কমপক্ষে ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইরান আবারও গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ককে লক্ষ্য করেছিল, যেটি তারা বৃহস্পতিবার সকালে টার্গেট করার কথা বলেছিলো। তখনই পাশে থাকা সোরোকা হাসপাতাল আক্রান্ত হয়।
গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ক হলো ইসরাইলের বিরশেবায় অবস্থিত একটি হাই-টেক বাণিজ্যিক জোন, যেখানে বহু আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি ও স্টার্টআপের অফিস রয়েছে। যা সামরিক ও গবেষণামূলক কাজেও ব্যবহৃত হয়। গাভ–ইয়াম পার্কে রোবোটিকস ও তথ্যবিজ্ঞান নিয়ে গবেষণা হয় বলেও জানায় আল জাজিরা।
ইসরাইলি জরুরি সেবা সংস্থা বলেছে, ইরানের সবশেষ হামলায় আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



