খলিল আল-হায়াকে হত্যাচেষ্টা প্রসঙ্গে যা জানালো হামাস

খলিল আল-হায়াকে হত্যাচেষ্টা প্রসঙ্গে যা জানালো হামাস

তুরস্কে ফিলিস্তিন আন্দোলনের ও হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল-হায়াকে লক্ষ্য করে হত্যাচেষ্টার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হামাস। দলটি জানিয়েছে, এসব প্রতিবেদন ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি গণমাধ্যমে হামাস-ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়, এই ধরনের দাবি “মিথ্যা গুজব” ছাড়া কিছুই নয়। তারা একে দখলদার ইসরাইলের পরিচালিত মনস্তাত্ত্বিক ও মিডিয়া যুদ্ধের অংশ হিসেবে অভিহিত করেছে, যা ফিলিস্তিনি জনগণ ও তাদের নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

সূত্রগুলো বলেছে, এই ধরনের ব্যর্থ প্রচেষ্টা হামাস নেতৃত্বের প্রতি জনগণের আস্থা নষ্ট করতে পারবে না। খলিল আল-হায়া ও তার সহকর্মীরা বহু বছর ধরে যে দৃঢ় অবস্থান ধরে রেখেছেন, তাতে কোনো পরিবর্তন আসবে না।

হামাস আরও বলেছে, গুজব হলো দুর্বলদের অস্ত্র। তারা জোর দিয়ে জানিয়েছে, ফিলিস্তিনি জনগণ এমন প্রচারণায় অভ্যস্ত এবং প্রতিবারই জাতীয় স্বার্থ ও সংগ্রামের প্রতি আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে উঠে।

উল্লেখ্য, এর আগে হিব্রু ভাষার কিছু প্ল্যাটফর্ম দাবি করেছিল যে তুরস্কে খলিল আল-হায়াকে হত্যা করা হয়েছে। এছাড়া, চলতি বছরের জুন মাসে হামাস একই ধরনের আরেকটি হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছিল, যেখানে আল-হায়া ছিলেন দলটির আলোচক প্রতিনিধিদলের প্রধান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন