জাপানে ডেটা সেন্টার নির্মাণে ক্ষুব্ধ নগরবাসী

জাপানে ডেটা সেন্টার নির্মাণে ক্ষুব্ধ নগরবাসী

জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেটা সেন্টার নির্মাণ। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে দেশটি ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠলেও আবাসিক এলাকার কাছাকাছি এসব স্থাপনা নির্মাণ নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শব্দদূষণ, ধোঁয়া, তাপ, পরিবেশগত ঝুঁকি এবং ভূমিকম্প ও বন্যার আশঙ্কায় অনেক এলাকায় শুরু হয়েছে প্রতিবাদ, এমনকি আদালতের দ্বারস্থও হয়েছেন কেউ কেউ।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় প্রায় ৬০ শতাংশ ডেটা সেন্টার অবস্থিত। প্রায় ৩ কোটি ৭০ লাখ মানুষের বসবাসের এই ঘনবসতিপূর্ণ অঞ্চলে নতুন নতুন ডেটা সেন্টার নির্মাণের ফলে আবাসিক এলাকার সঙ্গে শিল্প স্থাপনাগুলোর দূরত্ব ক্রমেই কমছে।

বাড়ির সামনে বিশাল স্থাপনা, দুর্ভোগে বাসিন্দারা

টোকিওর উত্তর-পূর্বাঞ্চলীয় কাশিওয়া শহরের বাসিন্দা ৭৬ বছর বয়সী সাসুমু গোটোর বাড়ির সামনে কয়েক বছর আগেও ছিল সবুজ ঘাসে ঢাকা একটি খোলা মাঠ। সেখানে প্রতিবেশীরা বেসবল ও ফুটবল খেলতেন। কিন্তু সেই মাঠের জায়গায় এখন হংকংভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএজির (পিজিএ) মালিকানাধীন দুটি বিশাল ডেটা সেন্টার।

প্রতিটি ভবনের উচ্চতা ৩১ মিটার, যা প্রায় ১০ তলা আবাসিক ভবনের সমান। মাসে অন্তত একবার এসব স্থাপনার জরুরি বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত জেনারেটর পরীক্ষার সময় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। বাতাসে ছড়িয়ে পড়ে পোড়া জ্বালানির দুর্গন্ধ।

গোটোর অভিযোগ, জেনারেটরের বিকট শব্দ ও ধোঁয়ার কারণে তাকে প্রায়ই জানালা বন্ধ রাখতে হয় অথবা বাড়ি ছেড়ে বাইরে চলে যেতে হয়। কাপড় শুকাতে দিলেও তাতে ধোঁয়ার আস্তরণ পড়ে।

তিনি বলেন, প্রতিদিন সকালে বাড়ির বাইরে বের হলে বিশাল ভবনগুলো তার পুরো দৃশ্যপট ঢেকে দেয়। দিনের পর দিন এমন পরিবেশে বসবাস করা মানসিকভাবেও অত্যন্ত কষ্টকর।

গত দুই মাসে এসব ডেটা সেন্টারের জেনারেটর সম্মিলিতভাবে প্রায় ১১০ ঘণ্টা চালানো হয়েছে। ভবিষ্যতে আরও দুটি ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা থাকায় এ ধরনের পরীক্ষা ও ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

ভূমিকম্প ও বন্যাপ্রবণ এলাকায় জ্বালানি সংরক্ষণ নিয়ে উদ্বেগ

টোকিওর কোতো ওয়ার্ডে আরেকটি ডেটা সেন্টার নির্মাণ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান এমপিরিয়ন ডিজিটাল সেখানে ৫১ মিটার উচ্চতার একটি ডেটা সেন্টার নির্মাণ করছে, যা ২০২৯ সালে শেষ হওয়ার কথা।

প্রকল্পটির নির্ধারিত স্থান থেকে মাত্র ৩ দশমিক ৭ মিটার দূরে রয়েছে আয়ানো সাসাকির আবাসিক ভবন। সবচেয়ে উদ্বেগের বিষয়, ডেটা সেন্টারটিতে ভূগর্ভে সংরক্ষণ করা হবে ১২ লাখ লিটার ভারী জ্বালানি তেল। পরিমাণের দিক থেকে এটি ২৫ মিটার দীর্ঘ তিনটি সুইমিংপুল ভর্তি করার সমান।

এলাকাটি বন্যাপ্রবণ হওয়ার পাশাপাশি টোকিওর সবচেয়ে বেশি ভূমিকম্পঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি হিসেবে চিহ্নিত।

৩৭ বছর বয়সী পেশায় নার্স সাসাকি বলেন, কোনো বিশেষ বিধিনিষেধ ছাড়াই এমন এলাকায় এত বড় স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া অবিশ্বাস্য।

এ পরিস্থিতিতে কোতো ওয়ার্ডের বাসিন্দারা শব্দদূষণ, তাপ নির্গমন, জ্বালানি সংরক্ষণের নিরাপত্তা এবং ডেটা সেন্টারের অবস্থান নির্ধারণে বাধ্যতামূলক বিধিমালার দাবিতে টোকিও কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। এসব আবেদন এখনো মহানগর পরিষদে আলোচনার অপেক্ষায় রয়েছে।

এমপিরিয়ন ডিজিটালের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচলিত আইন, অবকাঠামোগত সুবিধা এবং পরিবেশগত প্রভাব পর্যালোচনা করেই প্রকল্পের স্থান নির্বাচন করা হয়েছে।

আদালতের দ্বারস্থ বাসিন্দারা

শুধু প্রতিবাদ বা আবেদন নয়, ডেটা সেন্টার নির্মাণ বন্ধে আইনি লড়াইয়েও নেমেছেন জাপানের বিভিন্ন এলাকার বাসিন্দারা।

টোকিও ও নারিতা বিমানবন্দরের মধ্যবর্তী ইনজাই শহরে ব্রিটেনভিত্তিক কোল্ট ডেটা সেন্টার সার্ভিসেস ৩২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ডেটা সেন্টার নির্মাণ শুরু করেছে। প্রকল্পটি শেষ হলে ভবনটি স্থানীয় বাসিন্দা জুনিচি তাকেদার অ্যাপার্টমেন্ট থেকে মাত্র ১১ মিটার দূরে অবস্থান করবে। এতে তার বাসার প্রশস্ত বারান্দা থেকে সামনের দৃশ্য পুরোপুরি আড়াল হয়ে যাবে।

এ প্রকল্পের অনুমোদন নিয়ে প্রশ্ন তুলে তাকেদা ও তার কয়েকজন প্রতিবেশী শহর কর্তৃপক্ষ এবং সরকারি অনুমোদনপ্রাপ্ত ভবন পরিদর্শন ও সনদ প্রদানকারী প্রতিষ্ঠান জাপান ইআরআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন।

তাদের অভিযোগ, প্রকল্পটিকে কার্যালয় বা অফিস ভবন হিসেবে শ্রেণিবদ্ধ করে অনুমোদন দেওয়া হয়েছে। অথচ এটি কারখানা বা গুদাম হিসেবে বিবেচিত হলে ওই এলাকায় নির্মাণের অনুমতি পাওয়া সম্ভব হতো না।

মামলাকারীদের আইনজীবী সাতোশি ওইকাওয়া বলেন, জাপানে ডেটা সেন্টার নির্মাণের জন্য এখনো যথাযথ আইন ও বিধিমালা প্রতিষ্ঠিত হয়নি। এ সুযোগে আবাসিক এলাকা কিংবা রেলস্টেশনের সামনে বিশাল ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে, যা মানুষের জীবনযাত্রা ও অধিকারকে হুমকির মুখে ফেলছে।

মামলাগুলো বিচারাধীন থাকায় ইনজাই শহর কর্তৃপক্ষ ও জাপান ইআরআই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে স্থানীয় আন্দোলনকারীদের ধারণা, এ মামলার রায় দেশজুড়ে ডেটা সেন্টার নির্মাণে ভবনের শ্রেণিবিন্যাস ও জমির ব্যবহারসংক্রান্ত বিধি প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।

অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা, বাড়ছে নিয়ন্ত্রণের চাপ

জাপানে তুলনামূলক শিথিল নিয়ন্ত্রণব্যবস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে ডেটা সেন্টার খাতে বিদেশি বিনিয়োগ বাড়ছে। বিশ্বের কিছু দেশে এ শিল্পের সম্প্রসারণে প্রশাসনিক বিধিনিষেধ আরোপ করা হলেও জাপান এখনো বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য।

পরামর্শক প্রতিষ্ঠান জেএলএলের (জেএলএল) পূর্বাভাস অনুযায়ী, জাপানের ডেটা সেন্টার বাজারের আর্থিক আকার ২০২৪ সালের ২৩ দশমিক ৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০৩০ সালে ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এ সময়ে বাজারটির গড় বার্ষিক প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৭ শতাংশ।

তবে শিল্পটির দ্রুত সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অসন্তোষও বাড়ছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য বিরোধ এড়াতে জাপান সরকার চলতি বছরের শেষ নাগাদ একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে।

এ ছাড়া জাপান ডেটা সেন্টার কাউন্সিল, টোকিওসহ কয়েকটি স্থানীয় সরকার এ বছর ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনার ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশিকা তৈরি করেছে।

ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় জনগণ

ডেটা সেন্টার নির্মাণের বিরোধিতা করলেও বাসিন্দাদের মূল উদ্বেগ উন্নয়ন বা প্রযুক্তির অগ্রগতি নিয়ে নয়; বরং তাদের বসবাসের পরিবেশ, নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষা করা।

কাশিওয়ার বাসিন্দা গোটো জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষের কাছে জ্বালানির ভূগর্ভস্থ ট্যাংকগুলো আবাসিক এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়ার আবেদন করেও কোনো সুফল পাননি। অন্যদিকে পিএজি জানিয়েছে, তারা স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। শব্দদূষণ কমাতে শব্দনিরোধক দেয়াল নির্মাণ এবং জেনারেটর পরীক্ষার সময় সীমিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

তবে এসব পদক্ষেপে বাসিন্দাদের উদ্বেগ পুরোপুরি দূর হয়নি। গোটোর ভাষায়, তাদের স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ রক্ষায় তিনি শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান।

বিশ্লেষকদের মতে, এআই ও ডিজিটাল অর্থনীতির বিকাশে ডেটা সেন্টার গুরুত্বপূর্ণ অবকাঠামো হলেও পরিকল্পনাহীন সম্প্রসারণ দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য, পরিবেশ ও নাগরিক অধিকারের জন্য নতুন সংকট তৈরি করতে পারে। জাপানের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো—প্রযুক্তি ও বিনিয়োগের অগ্রগতির সঙ্গে স্থানীয় জনগণের নিরাপত্তা ও বসবাসের অধিকার নিশ্চিত করার মধ্যে ভারসাম্য তৈরি করা।

সূত্র: রয়টার্স

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...