গণহারে ইসরাইলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়া। ভ্রমণকারী ইসরাইলি পাসপোর্টধারীরা বিমানবন্দরে মারাত্মক বিপাকে পড়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকজনকে দেশটিতে আটক করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ওয়াইনেট গ্লোবালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অন্তত আটজন ইসরাইলিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন, আবার কেউ অন্য এশীয় দেশে যাওয়ার জন্য দেশটিকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছিলেন। এ দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।
বুধবারের এক ঘটনায় ফিলিপাইনগামী একটি ফ্লাইটে ট্রানজিটের সময় চারজন ইসরাইলি যুবক-যুবতীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুই নারী জানান, থাইল্যান্ড থেকে ফিলিপাইনে যাওয়ার পথে তারা একটি চ্যাটবটের কাছ থেকে জানতে চেয়েছিলেন কুয়ালালামপুরে ট্রানজিট নিরাপদ কি না। এ সময় এটি থেকে তারা ইতিবাচক উত্তর পেয়েছিলেন। পরে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
আরেক ঘটনায় কম্বোডিয়া থেকে ফিলিপাইনে যাওয়ার পথে দুই ইসরাইলি পুরুষকে মালয়েশিয়ায় আটক করা হয়েছে। দুই দিন পর তাদের আবার কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত এসব আটকের ঘটনা চললেও, অনেক সময় তা আরও দীর্ঘায়িত হয়। বিশেষ করে যখন অন্য দেশগুলো বহিষ্কৃত ইসরাইলিদের প্রবেশে অস্বীকৃতি জানায় তখন এসব ব্যাপারে জটিলতা তৈরি হয়।
ওয়াইনেট জানিয়েছে, সিঙ্গাপুরে অবস্থিত ইসরাইলি দূতাবাসের হস্তক্ষেপে বেশ কয়েকজনকে মুক্ত করা সম্ভব হয়েছে।
দেশটির রাষ্ট্রদূত এলিয়াহু ভেরেড হাজান নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, জীবনের ঝুঁকি থাকলে ‘সব ঠিক হয়ে যাবে’ এমনটা ভাবা ঠিক নয়। মালয়েশিয়া ভ্রমণ বা ট্রানজিট এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হচ্ছে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে ইসরাইলি নাগরিকদের লক্ষ্য করে আটকের ঘটনা বেড়েছে, যা ভোগান্তি, বিলম্ব এবং অতিরিক্ত খরচের কারণ হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

