ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের
ছবি: সংগৃহীত।

ইয়েমেনের সংঘাতে ইরানের সামরিক সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। একই সঙ্গে দেশটিতে ইরানি সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতির দাবিকে ভিত্তিহীন ও জনমত বিভ্রান্ত করার অপচেষ্টা বলে আখ্যা দিয়েছে ইরান।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসের অভিযোগের জবাবে এসব কথা বলেন।

এর আগে ইইউর এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব লঙ্ঘন করে হুতিদের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে হবে ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে।

জবাবে বাঘাই বলেন, ইয়েমেনে ইরানি সামরিক বিশেষজ্ঞরা কাজ করছেন—এমন অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এসব দাবি ছড়ানো হচ্ছে।

তিনি আরো বলেন, বিদেশি কোনো সহায়তা ছাড়াই নিজেদের সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা ও দৃঢ় সংকল্প ইয়েমেনিদের রয়েছে।

ইরানের এই মুখপাত্রের মতে, ইয়েমেন সংকটের স্থায়ী সমাধানের জন্য দেশটির জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান জানাতে হবে। পাশাপাশি সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে আগে সম্মত হওয়া রোডম্যাপের ভিত্তিতে সংলাপ এগিয়ে নিতে হবে।

সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন