মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত চুক্তির খসড়ায় আরো কঠোর কিছু শর্ত যুক্ত করে তা পুনরায় তেহরানের কাছে পাঠিয়েছেন। একই সঙ্গে ইরানের প্রতিক্রিয়া পেতে দেরি হওয়ায় অসন্তোষও প্রকাশ করেছেন ট্রাম্প। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধে প্রস্তাবিত শান্তি কাঠামোর একটি সংশোধিত সংস্করণ ইরানের কাছে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন খসড়ায় আগের তুলনায় আরো কঠোর শর্ত রাখা হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত তিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন এই পত্রিকা জানিয়েছে, ট্রাম্প চুক্তির খসড়ার কয়েকটি অংশ সংশোধন করে তা পুনর্বিবেচনার জন্য তেহরানের কাছে ফেরত পাঠিয়েছেন। তবে ঠিক কী ধরনের পরিবর্তন আনা হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করার সম্ভাবনা রয়েছে— এমন কিছু ধারা নিয়ে ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রতিবেদনে আরো বলা হয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা আলোচনায় ইরানের পক্ষ থেকে জবাব পেতে দীর্ঘ সময় লাগায় ট্রাম্প ক্রমেই বিরক্ত হয়ে উঠছেন। এসব মধ্যস্থতাকারীর মধ্যে পাকিস্তানের কর্মকর্তারাও রয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ফলে সমঝোতা স্মারক হিসেবে বর্ণনা করা এই নথিতে নতুন কোনো পরিবর্তন আনা হলে চুক্তি আরও বিলম্বের আশঙ্কা রয়েছে।
এর আগে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে গত শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক করেন ট্রাম্প। তবে বৈঠক শেষে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


