গাজায় বিস্ফোরণে এক ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

গাজায় বিস্ফোরণে এক ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

গাজার দক্ষিণাঞ্চলে অভিযান চালানোর সময় বিস্ফোরণে এক ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলের সেনাবাহিনীর বরাত দিয়ে শুক্রবার সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল একথা জানিয়েছে।

নিহত সেনার নাম ক্যাপ্টেন রেই বিরান। ২১ বছর বয়সী বিরান গোলানি ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের টিম কমান্ডার ছিলেন। তিনি ইসরাইলের শোরাশিমের বাসিন্দা।

বিজ্ঞাপন

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, খান ইউনিসে চলমান অভিযানের সময় এই ঘটনা ঘটে।

ইসরাইলের সেনাবাহিনী বলছে, হামাসের ব্যবহৃত ভবন মাইন দিয়ে ভেঙ্গে ফেলার কাজ চলছিল। এসময় একটি বিস্ফোরণ ঘটে এবং বিরান আঘাতপ্রাপ্ত হন। কিছুক্ষণ পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

আইডিএফ জানিয়েছে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরো ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় একথা জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল।

বৃহস্পতিবার ভোর থেকে শুরু করে সারাদিনের হামলায় ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জন নিহত হন মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে ত্রাণ নিতে গিয়ে। শিশুখাদ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন তারা। এদের মধ্যে ৯ জন শিশু ও ৪ জন নারী। এ হামলায় আরও অন্তত ৩০ জন আহত হন। যাদের মধ্যে ১৯ জনই শিশু।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা যুদ্ধের অবসান ঘটাতে হামাসের সাথে একটি স্থায়ী চুক্তি করতে প্রস্তুত ইসরাইল। তবে এজন্য শর্ত দিয়েছেন তিনি। খবর আরব নিউজের।

বৃহস্পতিবার নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির আগে হামাসকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে এবং গাজা থেকে তাদের নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে হবে। ইসরাইলের এ শর্তে রাজি না হলে, পরবর্তীতে সংঘাত আরো বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন