এক দিনে ৫০০ হুথি যোদ্ধা ও কমান্ডার হতাহতের দাবি

এক দিনে ৫০০ হুথি যোদ্ধা ও কমান্ডার হতাহতের দাবি
ছবি: আনাদোলু

ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সেনাবাহিনী দাবি করেছে, হুথিদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭২টি সামরিক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে প্রায় ৫০০ হুথি যোদ্ধা ও ফিল্ড কমান্ডার হতাহত হয়েছেন।

সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নুজাইলি জানান, এসব অভিযানে হুথিদের ১৬৯টি যানবাহন, সামরিক সরঞ্জাম ও ভারী অস্ত্র ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহত হওয়া ব্যক্তিদের মধ্যে কতজন নিহত এবং কতজন আহত হয়েছেন, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-নুজাইলি বলেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে হুথিদের অবস্থান, সামরিক রসদ ও জনবলবাহী বহর, প্রতিরক্ষাব্যূহ, গোলাবর্ষণের অবস্থান এবং সরবরাহপথ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

তিনি জানান, উত্তর ইয়েমেনের আল-জাওফ ফ্রন্টে সরকারি বাহিনীর স্থল অভিযান জোরদার এবং বিভিন্ন অবস্থান পুনর্দখলে এসব অভিযান সহায়তা করে।

সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, মারিব, আল-বায়দা, লাহিজ ও তাইজ প্রদেশেও সরকারি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তাইজে সেনাবাহিনী ও তাদের মিত্র পপুলার রেজিস্ট্যান্স যোদ্ধাদের সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে। এতে যুদ্ধবিমান, ড্রোন ও কামান ব্যবহার করা হচ্ছে।

বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষায় সেনাবাহিনী প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

এর আগে সেনাবাহিনী জানায়, তারা হুথিদের দুটি ড্রোন ভূপাতিত করেছে এবং তাইজের দক্ষিণাঞ্চলের আল-মিসরাখ জেলায় গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন