মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার লোক দেখানো আলোচনায় বসছেন বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক বাঘের গালিবাফ।
বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র একাধিকবার হামলার হুমকি দিয়ে তা প্রত্যাহার করে নিয়েছে, তারপর আবার আলোচনার প্রস্তাব দিয়েছে। এভাবে ওয়াশিংটন ইরানের ওপর চাপ সৃষ্টির ব্যর্থ কৌশল অনুসরণ করছে বলে মন্তব্য করেন তিনি।
গালিবাফ বলেন, ‘ধমক, ভঙ্গ করা প্রতিশ্রুতি ও ভুয়া তথ্য দিয়ে চাপ সৃষ্টি করার কৌশল ব্যর্থ হয়েছে।’ তিনি যুক্তরাষ্ট্রকে বাস্তবতা স্বীকার করে প্রতিশ্রুতি পালনের আহ্বান জানান।
এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা স্থগিত করে দাবি করেন, তেহরান ও আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধে এবং কূটনৈতিক অগ্রগতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সম্ভাব্য সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে।
অন্যদিকে, ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ট্রাম্প যেখানে সংঘাত দ্রুত শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন, সেখানে ইরানের কর্মকর্তারা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


