জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেয়। চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। অপর আসামি হলেন—সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস।
এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। শুনানিতে তিনি বলেন, গত ৬ অক্টোবর ট্রাইব্যুনালের আদেশের পর পলাতক আসামি ধনঞ্জয়কে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু তিনি আদালতে হাজির হননি। তাই মামলার পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে পলাতক আসামির পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ করার পাশাপাশি অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আবেদন জানাচ্ছি। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে এবং শুনানির জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করা হয়।
গত ২৭ আগস্ট এই মামলায় জাহাঙ্গীর আলম ও ধনঞ্জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। অন্য মামলায় গ্রেপ্তার থাকায় জাহাঙ্গীরকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। ওই দিন মামলার পরবর্তী শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। নির্ধারিত দিনে জাহাঙ্গীরকে হাজির করা হলে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে জুলাই বিপ্লবে সংঘটিত অপরাধের ঘটনায় ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে দায়ের অভিযোগ আনা হয়েছে।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, আন্দোলন দমনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে উসকানি, নির্দেশনা প্রদান এবং অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


