প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকালে বাসের ছবি দিয়ে ফেসবুকে করা একটি পোস্টে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্যকারী আবু বকর সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্‌ ফারজানা হক এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিন কারাগারে আটক থাকা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াছিন পাইক।

আবেদনে বলা হয়, দেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্ত এবং রাষ্ট্রপ্রধানের ওপর হামলার উসকানির সঙ্গে জড়িত অন্য অজ্ঞাত আসামিদের তথ্য উদ্ঘাটনে সিদ্দিককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (আইনজীবী) শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত রয়েছে কি না, তা অনুসন্ধান করা জরুরি। মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং অজ্ঞাতনামা আসামিদের তথ্য সংগ্রহ করতে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তবে শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে শুনানি শেষে আদালত আসামির সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির সময় ‘THE BEAUTY OF RAJSHAHI’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘Maisa Anjum’ আইডি থেকে পোস্ট করা প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসের একটি ছবি দেখতে পায়। ওই পোস্টের মন্তব্যে ‘MD Abu Bokor Siddique’ নামের ফেসবুক আইডি থেকে লেখা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিল।’

উসকানিমূলক ও হুমকিদাতা এই মন্তব্যটি নজরে আসার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ। পরে ডিবি ও রাজশাহী মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২১ অক্টোবর বিকেল ৫টায় রাজশাহীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে আবু বকর সিদ্দিক ও তাঁর বাবা মো. আয়নাল হককে আটক করে।

অভিযানের সময় সিদ্দিকের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিক তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ওই মন্তব্য করার কথা স্বীকার করেন। তবে তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যম বা ঘটনার বিষয়ে কিছু না জানার দাবি করলে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ডিবি ঢাকা উত্তরের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপপরিদর্শক (এসআই) মো. মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন