তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে জুলাই সনদের সিদ্ধান্ত অনুসরণের আহ্বান ইসলামী আন্দোলনের

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে জুলাই সনদের সিদ্ধান্ত অনুসরণের আহ্বান ইসলামী আন্দোলনের

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে জুলাই সনদের সিদ্ধান্ত অনুসরণ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে জটিল ও বিরোধপূর্ণ বিষয়। দেশে গণতান্ত্রিক চর্চা শুরুর পর এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতেই সবচেয়ে বেশি রাজনৈতিক সহিংসতা হয়েছে, বহু প্রাণ ঝরেছে। প্রতিবারই ক্ষমতায় থাকা দলগুলো এ বিষয়ে নানা ছলচাতুরী ও কৌশলের আশ্রয় নিয়েছে। তারই প্রতিক্রিয়ায় দেশ দীর্ঘ স্বৈরশাসনের কবলে পড়েছিল।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে বিস্তারিত আলোচনার পর তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেটিই অনুসরণ করতে হবে। নতুন কোনো ধারণা এনে নতুন করে কোনো জটিলতা তৈরি করা যাবে না।

সরকারের পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দুঃখের বিষয় হলো, সরকার সেই ঐকমত্য থেকে সরে এসে এখন নতুন ধারণার জন্ম দিচ্ছে। এর কোনো দরকার নেই, প্রয়োজনও নেই। রাজনৈতিক সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে তাতে নতুন করে বিতর্কের সুযোগ তৈরি হবে।

সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে যা-ই করা হোক না কেন, তা অবশ্যই রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সিদ্ধান্ত হতে হবে। অন্যথায় দেশ আবারও অস্থিতিশীলতার মুখে পড়তে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন