পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কেনার প্রতিযোগিতায় ৪ প্রতিষ্ঠান

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কেনার প্রতিযোগিতায় ৪ প্রতিষ্ঠান

ঋণে জর্জরিত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বেসরকারিকরণ করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। এ লক্ষ্যে দরপত্র জমা দিতে ব্যবসায়িক গোষ্ঠী এবং একটি সেনা সমর্থিত সংস্থাসহ চার বিনিয়োগকারীকে অনুমোদন দেওয়া হয়েছে। খবর আরব নিউজের।

মঙ্গলবার পাকিস্তানের বেসরকারিকরণ কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এর শেয়ার বিক্রির লক্ষ্যে চার বিনিয়োগকারীকে দরপত্র জমা দেয়ার অনুমোদন দেওয়া হয়েছে। একে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বেসরকারিকরণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে।

বিজ্ঞাপন

তহবিল সংগ্রহের জন্য পাকিস্তানের এই জাতীয় এয়ারলাইনের ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রি করতে চায় দেশটির সরকার। প্রায় দুই দশকের মধ্যে এই প্রথম এতো বড় ধরণের বেসরকারিকরণের উদ্যোগ নিচ্ছে দেশটি।

যেসব প্রতিষ্ঠানকে দরপত্র জমা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে তাদের মধ্যে একটি হলো শিল্প সংস্থা লাকি সিমেন্ট, হাব পাওয়ার হোল্ডিংস, কোহাট সিমেন্ট এবং মেট্রো ভেঞ্চারসের যৌথ মালিকানার একটি কোম্পানি। আরেকটির নেতৃত্বে রয়েছে বিনিয়োগ সংস্থা আরিফ হাবিব কর্পোরেশন এবং এতে রয়েছে সার উৎপাদনকারী ফাতিমা ফার্টিলাইজার, বেসরকারি শিক্ষা অপারেটর দ্য সিটি স্কুল এবং রিয়েল এস্টেট ফার্ম লেক সিটি হোল্ডিংস। এছাড়াও রয়েছে সেনা সমর্থিত প্রতিষ্ঠান ফৌজি ফার্টিলাইজার এবং পাকিস্তানি বিমান সংস্থা এয়ারব্লু।

একসময় এশিয়ার অন্যদম প্রধান বিমান সংস্থা পিআইএ রাজনৈতিক হস্তক্ষেপ, দুর্নীতি এবং অদক্ষতার কারণে কয়েক দশক ধরে করদাতাদের অর্থে কোনরকমে টিকে আছে। শ্রমিক ইউনিয়নের প্রতিরোধ, আইনি বাধা এবং বিনিয়োগকারীদের আগ্রহের অভাবের কারণে বিমান সংস্থাটির বেসরকারীকরণ উদ্যোগ বারবার বাধাগ্রস্ত হয়েছে।

পিআইএ দেশটির সরকারের সবচেয়ে ব্যয়বহুল দায়গুলোর মধ্যে একটি। এটি প্রায় এক দশকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারেরও বেশি লোকসান করেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন